'চলমান নাশকতায় ১৮ দল জড়িত নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলমান নাশকতার সঙ্গে ১৮-দলীয় জোটের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী। পত্রিকা কার্যালয়ে পাঠানো এক বিবৃবিতে তিনি এ জন্য মহাজোট সরকারকে দায়ী করেন।
বিবৃতিতে আসলাম চৌধুরী বলেন, ভৌগোলিক অবস্থা ও শিল্পাঞ্চল হওয়ায় সীতাকুণ্ডকে ক্ষমতাসীন আওয়ামী মহাজোট সরকারের নেতা-কর্মীরা টাকা আয়ের ও রাতারাতি শিল্পপতি বনে যাওয়ার সহজ জায়গা হিসেবে বেছে নিয়েছেন। ক্ষমতায় আসার পর থেকে সরকারদলীয় সন্ত্রাসীরা শিপ ইয়ার্ড দখল, উপকূলীয় বনাঞ্চল উজাড়, কাভার্ড ভ্যানে ডাকাতি, ছিনতাই, জমি দখল, ভূমি দখল, মার্কেট দখল, ব্যবসাপ্রতিষ্ঠান দখল থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই, যা তাঁরা সংঘটিত করেনি।
আসলাম চৌধুরী বলেন, সরকারদলীয় এই লুটপাটের সঙ্গে সীতাকুণ্ডের জনগণ জড়িত নন। অথচ তা বিএনপি তথা ১৮-দলীয় জোটের কাঁধে চাপিয়ে দেওয়ার নির্লজ্জ প্রচেষ্টা অব্যাহত আছে। যা গ্রহণযোগ্য নয়। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের দমন-পীড়নের বিরুদ্ধে সীতাকুণ্ডের মানুষ সোচ্চার।
নিজেকে ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা হিসেবে উল্লেখ করে আসলাম চৌধুরী বলেন, ‘আমি জ্বালাও-পোড়াও রাজনীতিকে সমর্থন করি না। কেননা এতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়।’
১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসলাম চৌধুরী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ তাদের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।
অজ্ঞাত জায়গা থেকে ফোন করে আসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দলের আন্দোলন দমন করতে সরকার আমাদের নেতা-কর্মীদের হয়রানি করছে। এসব করে ক্ষমতা পাকাপোক্ত করা যাবে না।’