'চা-বাগান বলতে সবাই দুঃখী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যার ছায়া নেমেছে মাথিউরা চা-বাগানে। সারা দিনের ক্লান্তি নিয়ে ডেরায় ফিরেছেন চা-শ্রমিকেরা। দু-একজন নারী ও পুরুষ শ্রমিকের সঙ্গে কথা বলতেই যেন ঝুপ করে অন্ধকার নামল। সেই অন্ধকারেই জড়ো হলেন পোড় খাওয়া একদল মানুষ। তাঁদের একজন নাগামা ছালিয়া (৩০)।
অস্থায়ী এই শ্রমিকের কথায় যেন ঝরে পড়ে দারিদ্র্যের হাহাকার, ‘সকাল আটটায় কামে যাই। ফিরি পাঁচ-ছয়টায়। ৫০ টাকা পাই। বাইচ্চার পড়ার খরচ দিতে পারি না। একবেলা মাছ-মাংস খাইমু, সে উপায় নাই। বৃষ্টি দিলে ঘরে পানি পড়ে। কষ্ট করিয়া উন্নতি করার কিছু নাই। চা-বাগান বলতে সবাই দুঃখী।’
চা-শ্রমিকদের জীবনচিত্র দেখতে গত মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার এই চা-বাগানে যাওয়া। স্থায়ী শ্রমিক শেফালি ছালিয়া (৩৫) বলেন, ‘৬৯ টাকা হাজিরা (চা-শ্রমিকের সর্বোচ্চ দৈনিক মজুরি) দিয়া বাইচ্চা-কাইচ্চা নিয়া চলতে পারি না। ভিতরটা জ্বলিয়া কয়লা অই গেছে।’
ততক্ষণে অন্ধকারে পথ হাতড়ানো অনেক মানুষের কণ্ঠস্বর সেখানে। গঙ্গামা ছালিয়া (৫০) বলেন, ‘চা-পাতা, দানা ভাজা ছাড়া চা-শ্রমিক মানুষ আর কী খাব।’ এই কষ্টকথার কোরাস গাইলেন রণজিত গৌড় (৩৫), সাবিত্রী গৌড় (২৫), গোলাপ গৌড়সহ (৫৫) অনেকে।
দেশের ১৬৫টি চা-বাগানের মধ্যে মৌলভীবাজারে রয়েছে ৯২টি। স্থায়ী শ্রমিক আছেন ৯০ হাজার এবং অস্থায়ী শ্রমিক ৪০ থেকে ৫০ হাজার। সারা দেশে চা-জনগোষ্ঠী প্রায় পাঁচ লাখ। এই বিশাল জনগোষ্ঠী বংশানুক্রমে চা-বাগানে বসবাস করলেও ভূমির ওপর তাঁদের অধিকার নেই। বাগানমালিক যেকোনো মুহূর্তে যেকোনো শ্রমিককে বসতভিটা থেকে উচ্ছেদ করতে পারেন।
চা-শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, দুই বছর পর পর চা-শ্রমিক ইউনিয়ন ও চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের মধ্যে মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে চুক্তি সম্পন্ন হয়ে থাকে। কিন্তু ২০০৯ সালের পর আর চুক্তি হয়নি।
২০০৮ সালে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়েছিল। এক বছরের মাথায় নির্বাচিত কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে লেবার হাউস (চা-শ্রমিক ইউনিয়নের কার্যালয়) দখল করে অন্য পক্ষ। এতে চা-শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি হয়। নির্বাচিত কমিটি না থাকায় মালিক পক্ষের সঙ্গে দর-কষাকষির সুযোগ হারিয়েছেন চা-শ্রমিকেরা। তাঁদের আন্দোলনের মুখে গত বছর লেবার হাউস দখলমুক্ত করা হলেও এখনো নির্বাচনের কোনো তৎপরতা নেই।