'চা-বিড়ি খেয়া এইবার ভোট দিবার নেই'
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় গোটা রংপুরের তারাগঞ্জ সরগরম হয়ে উঠেছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের হাটবাজার ও রাস্তার মোড়ে মোড়ে প্রার্থীদের পোস্টার টাঙানো নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে চলছে প্রতিযোগিতা।
সয়ার ইউনিয়নের বুড়িরহাট গ্রামের ভোটার পলাশ সরকার বলেন, ‘হামরা এবার মার্কা দেখি ভোট দেমো না। প্রার্থীক দেখিই বুজিশুনি ভোট দেমো। সৎ আর যোগ্য প্রার্থী দেখি ভোট দিলে অন্ততপক্ষে হামার এলাকার উন্নয়ন হইবে।’
আলমপুরের ভীমপুর গ্রামের আরেক ভোটার মমেনা খাতুন বলেন, ‘চা-বিড়ি খেয়া এইবার ভোট দিবার নেই। ভালো মানুষক ভোট দেমো। যার যোগ্যতা আছে, এলাকার উন্নয়ন করিবার পাইবে, তাঁর মার্কায় ভোট দেমো।’
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ইউপি নির্বাচন এই কয়েক দিনেই বেশ জমে উঠেছে। বৃষ্টিতে পোস্টার নষ্ট হওয়ার আশঙ্কায় বাসাবাড়ি, বড় বড় দালান, দোকানপাটের বারান্দায়, টিনের নিচে বা ছাদের কার্ণিশের নিচে, দড়ি দিয়ে পোস্টার টানানো হয়েছে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রাস্তায় রাস্তায় প্রার্থীদের পক্ষে মাইকিং চলছে। রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরবাইকে করে মাইকের শব্দে গোটা উপজেলা মুখর হয়ে উঠেছে।
এই প্রার্থীরা স্থান-কাল-পাত্রভেদে কখনো দলীয় পরিচয়ে, কখনো নিজের পরিচয় দিয়ে ভোট চাইছেন ভোটারদের কাছে। সংসদ নির্বাচনে ভোটারদের কাছে প্রার্থীর চেয়ে প্রতীকই বড়। তবে এ নির্বাচনে প্রার্থীর পরিচয়, আত্মীয় পরিচয় ও কর্মী বাহিনীর চেষ্টার মাধ্যমেই ভোট সংগ্রহ করতে হচ্ছে। এমন চিন্তাভাবনা মাথায় নিয়েই প্রার্থীরা গরম আর বৃষ্টিকে উপেক্ষা করে দিনরাত গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পঞ্চম দফায় ২৮ মে এ উপজেলায় নির্বাচন হবে। এবার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের প্রার্থীরা হলেন আলমপুরে দেলওয়ার হোসেন, কুর্শাতে আফজালুল হক, ইকরচালীতে ইদ্রিস উদ্দিন, হাড়িয়ারকুঠিতে হারুন-অর-রশিদ ও সয়ারে জালাল উদ্দিন সরকার। জাতীয় পার্টির প্রার্থীরা হলেন আলমপুরে মঞ্জুর কাদের চৌধুরী, কুর্শাতে শাহিনুর ইসলাম, ইকরচালীতে মোবারক হোসেন, হাড়িয়ারকুঠিতে সৈয়দ আলী ও সয়ারে আল ইবাদত হোসেন। বিএনপির প্রার্থীরা হলেন আলমপুরে সিরাজুল ইসলাম, হাড়িয়ারকুঠিতে আসাদুজ্জামান নুর ও সয়ারে বেলাল হোসেন। তবে কুর্শা ও ইকরচালীতে বিএনপির প্রার্থী নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা হলেন আলমপুরে আনিছুল হক, কুর্শাতে জবুর আলী, হাড়িয়ারকুঠিতে আবদুল কাদের ও সয়ারে আখতারুজ্জামান। জাসদ-সমর্থিত একমাত্র প্রার্থী কুমারেশ রায় মশাল প্রতীক নিয়ে হাড়িয়ারকুঠিতে লড়ছেন। এ ছাড়া ১৩ স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে পাঁচটি ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।