‘চাঁদ রাইতের দিন জামা নিমু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাইনষে দুইডা প্যান্ট দিছিল। পছন্দ অয় নাই, তাই বিক্রি কইরা দিছি। হাতে টাকা অইলে চাঁদ রাইতের দিন নিউমার্কেট থেইকা জামা কিনুম। এক শ-দুই শ টাকার মধ্যে কিননের ইচ্ছা আছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পুরোনো রেলস্টেশনে কথা হয় মো. শামীমের (১৩) সঙ্গে। প্লাস্টিক বোতল কুড়ানো আর মালামাল ওঠানামার কাজ করে। ঈদের কেনাকাটার কথা জানতে চাইলে একনাগাড়ে কথাগুলো বলে যায় শামীম। কুমিল্লায় গ্রামের বাড়িতে বাবা-মা, ভাইবোন থাকে। কিন্তু ঈদে বাড়ি যাওয়ার ইচ্ছা নাই। এখানকার বন্ধুবান্ধবের সঙ্গে ঈদ কাটাবে। বলল, ‘আমাগো তো বন্ধ নাই। ঈদের দিন কাজ নাই। পরদিন থেইকা আবার কাজে নামতে হইব।’চট্টগ্রামের পুরোনো ও নতুন রেলস্টেশন এলাকায় শামীমের মতো আরও কয়েকজন শিশু-কিশোরের সঙ্গে কথা হয়। সবারই বয়স ছয় থেকে ১২-১৩ বছরের কোঠায়। ঈদের দিন ঘনিয়ে এলেও তা নিয়ে তাদের তেমন কোনো উচ্ছ্বাস নেই। এর মধ্যে বিভিন্ন জনের কাছ থেকে তারা জামাকাপড় পেয়েছে। কেউ আবার শার্ট পেয়েছে, প্যান্ট কিনবে। নয়তো জুতা কেনার ইচ্ছে আছে। তাই টাকা জমাচ্ছে এখন।আট বছর বয়সী হূদয় স্টেশন এলাকায় জুতা মোছার কাজ করে। বলল, ‘আমি ঈদের জন্য একটি প্যান্ট কিনব। তিন শ টাকা দাম চায়। তাই টাকা জমাচ্ছি।’ হূদয়ের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে। বাবা নেই, মা আছেন। ঈদে বাড়ি যাবে কি না জানতে চাইলে বলে, ‘আমি এডির লগে (তার সঙ্গে থাকা আরও কয়েকজনকে দেখিয়ে বলে) থাকমু। মা তো ঈদের দিনও মানসের বাসায় কাম করে। ঘরে থাকে না।’ময়মনসিংহের ছেলে সুজন (১৩) স্টেশনে যাত্রীদের মালামাল তোলার কাজ করে। জানায়, ‘আমি শার্ট-প্যান্ট পাইছি। নিউমার্কেট থেকে দেড় শ টাকা দিয়ে এক জোড়া জুতা নিমু।’ ঈদের পরের দিন বাড়ি যাবে বাবা-মায়ের কাছে। সবাই ঈদের ছুটিতে আপন আপন গন্তব্যে ছুটে যাচ্ছে। আবার স্টেশনের কাছে নগরের রিয়াজ উদ্দিন বাজার, নিউমার্কেটে কেনাকাটায় ব্যস্ত অনেকেই। কিন্তু সেদিকে এদের কোনো লক্ষ নেই। তারা খালি গায়ে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে স্টেশনজুড়ে। আবার কোনো যাত্রী দেখলে মালামাল ওঠানোর জন্য হামলে পড়ছে। আবার কাজের ফাঁকে নিজেরা দল বেঁধে ছোটাছুটি করছে।