'চাঁদনী পঞ্চ ভিলা'য় মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রী শামছুন নাহার চাঁদনীর আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় উপস্থিত চাঁদনীর বাবা রবিউল ইসলাম ডুকরে কেঁদে ওঠেন l ছবি: প্রথম আলো
স্কুলছাত্রী শামছুন নাহার চাঁদনীর আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় উপস্থিত চাঁদনীর বাবা রবিউল ইসলাম ডুকরে কেঁদে ওঠেন l ছবি: প্রথম আলো

খুলনা নগরসংলগ্ন হরিণটানা গ্রামে ২০০৮ সালে বাড়ি তৈরির কাজ শুরু করেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য রবিউল ইসলাম। ২০১১ সালে বাড়ি তৈরির কাজ শেষ হয়। পরিবারের সবার ছোট আর আদুরে থাকার কারণে চাঁদনীর নামেই তিল তিল করে গড়ে তোলা বাড়ির নাম রাখা হয় ‘চাঁদনী পঞ্চ ভিলা’। বর্তমানে বাড়িতে সবাই আছে, কিন্তু নেই শুধু চাঁদনী। আর চাঁদনীর অকালে চলে যাওয়ায় মাতম চলছে ওই বাড়িতে।

চাঁদনীর পুরো নাম শামছুন নাহার চাঁদনী (১২)। গত শুক্রবার রাতে বখাটেরা তারই কারণে তার বাবা রবিউল ইসলামকে মারধর করে। এ দৃশ্য দেখে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। চাঁদনী খুলনা নগরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

চাঁদনীদের বাড়িটি পড়েছে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে। বাবা রবিউল ইসলাম বর্তমানে এক্সিম ব্যাংকের যশোর শাখায় নিরাপত্তা বিভাগে কর্মরত। বড় বোন রত্না ইয়াসমিনের বিয়ে হয়ে যাওয়ায় তিনি স্বামীর সঙ্গে থাকেন। আর ভাই শামীম ফেরদৌস ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বাড়িতে মূলত থাকেন চাঁদনী ও তার মা ফিরোজা পারভীন। প্রতি শুক্রবার বাড়িতে আসেন রবিউল ইসলাম।

কয়েক মাস ধরে স্কুলে যাওয়া-আসার পথে চাঁদনীকে উত্ত্যক্ত করত হরিণটানা গ্রামের মধ্যপাড়া (মেম্বরপাড়া) এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে শামীম হাওলাদার শুভ। শুভ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তার সঙ্গে প্রেম না করলে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করারও হুমকি দেয় শুভ। বাড়িতে মা অসুস্থ থাকায় এ ঘটনা মাকে না জানিয়ে বড় বোনকে জানায় চাঁদনী। এরপর বোন রবিউল ইসলামকে ঘটনাটি জানান। রবিউল ইসলাম ৬ অক্টোবর বাড়িতে গিয়ে শুভর বাবাকে ঘটনাটি জানিয়ে মেয়েকে আর উত্ত্যক্ত না করতে অনুরোধ করে আসেন।

শুক্রবার সন্ধ্যার দিকে কিছু বখাটে ছেলে নিয়ে ওই বাড়িতে যায় শুভ। সেখানে চাঁদনীর সামনেই তার বাবাকে মারধর করে তারা। এ ঘটনা সহ্য করতে না পেরে অপমানে ঘরে গিয়ে গলায় ফাঁস দেয় চাঁদনী।

পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল চাঁদনী। সপ্তম শ্রেণিতেও ভালো ফল, তাই পরিবারের কাছে আগেই জানিয়েছিল চিকিৎসক হওয়ার কথা। কিন্তু সেই ইচ্ছাও আর পূরণ হলো না।

কাঁদতে কাঁদতে গলার স্বরও ভেঙে গেছে চাঁদনীর বাবা রবিউল ইসলামের। মেয়ের আত্মহত্যার পর শুক্রবার রাত থেকেই পানি ছাড়া কিছুই খাননি তিনি। ঘুম নেই মা ফিরোজা পারভীনের চোখেও। থেমে থেমে কেঁদে উঠছেন তিনি। তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠছে ওই এলাকার বাতাস। চাঁদনীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না পরিবারের কেউই।

গতকাল রোববার দুপুরে চাঁদনীদের বাড়িতে গিয়ে দেখা যায়, মেয়ের স্কুলের পরিচয়পত্র ধরে বিলাপ করছেন রবিউল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘চাঁদনী খুব মেধাবী ছিল। চিকিৎসক হতে চেয়েছিল সে। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ করতে দিল না শুভ। বাড়ি থেকে চাঁদনীকে তুলে নিয়ে যেতেই এসেছিল সে। আমরা শুভর বিচার চাই। যারা আমার মেয়ের আত্মহত্যায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বখাটেদের অত্যাচারে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, সেই দাবি করেন চাঁদনীর মা ফিরোজা পারভীন। সব মেয়ে যেন নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে ও বখাটেদের অত্যাচারে অকালেই যেন আর কোনো মেয়েকে আত্মহত্যা করতে না হয়, সেই ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

চাঁদনীর আত্মহত্যার ঘটনায় শনিবার রাতে প্ররোচনার অভিযোগে শামীম হাওলাদার শুভ, তার বাবা শাহ আলম হাওলাদারসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে লবণচরা থানায় মামলা করেছেন চাঁদনীর বাবা রবিউল ইসলাম। এ ঘটনায় মাফিয়া কবির নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাফিয়া মামলার এজাহারনামীয় আসামি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আদালতে মাফিয়া কবিরের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মানববন্ধন

শামসুন নাহার চাঁদনীর মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার খুলনা নগরের সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে। বেলা সাড়ে তিনটা থেকে আধা ঘণ্টা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এ কর্মসূচি পালন করেন। এ সময় ‘চাঁদনী হত্যার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘ইভ টিজিং বন্ধে প্রশাসনের সহযোগিতা চাই’, ‘ইভ টিজিং বন্ধ করো করতে হবে’—এসব লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড তুলে ধরা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আজিজি বলেন, শামসুন নাহার মেধাবী ছিল। তার আত্মহত্যায় প্ররোচনাকারীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। বিদ্যালয়ের চারপাশের পরিবেশ ভালো। কিন্তু অনেক দূর থেকে মেয়েরা এ বিদ্যালয়ে আসে। মেয়েরা যেন নির্বিঘ্নে বিদ্যালয়ে আসতে পারে, সে ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।