‘চাঁদমারি বাত’ থেকে গুলি এসে যুবক আহত
মাগুরায় চাঁদমারিতে পুলিশের ফায়ারিংয়ের সময় গুলি ছুটে এসে মো. ফিরোজ হোসেন (১৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মাগুরা শহরের টেক্সটাইল মিল এলাকায় গত মঙ্গলবার ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কেরামত আলী জানান, মাগুরা শহরের ভায়না গোরস্থানপাড়া এলাকায় সরকারি চাঁদমারি বাত (ফায়ারিংয়ের জন্য নির্ধারিত জায়গা) রয়েছে। সেখানে প্রতিবছর একবার পুলিশ বাহিনীর সদস্যদের ফায়ারিং অনুষ্ঠিত হয়। পাশের জেলার পুলিশ সদস্যরাও প্রতিবছর মাগুরা চাঁদমারি বাতে ফায়ারিং করেন। মঙ্গলবার নড়াইল জেলা থেকে আসা পুলিশ সদস্যদের ফায়ারিং চলছিল। বেলা একটার দিকে চাঁদমারি বাত থেকে ছুটে আসা একটি গুলিতে বাতের প্রায় সিকি কিলোমিটার দূরে মাগুরা টেক্সটাইল মিল এলাকায় ফাতেমা ফিলিং স্টেশনের সামনে চায়ের দোকানে বসে থাকা ওই যুবক আহত হন। গুলিটি চায়ের দোকানের টিন ভেদ করে ওই যুবকের হাতে লাগে। আহত যুবক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীকোলগাছি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি মাগুরায় একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। মাগুরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সালাম বলেন, ওই যুবকের ডান হাতের ওপরের দিকে গুলিটি বিদ্ধ হয়ে আছে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি দ্রুত বের করা দরকার। কিন্তু হাসপাতালের শল্যচিকিৎসক ছুটিতে থাকায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।