'চাঁদরাত' ঠেকাতে আগাম ব্যবস্থা চান প্রার্থীরা
নির্বাচনে ‘প্রভাবশালী’ প্রার্থীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন। ভোটের আগের রাতকে তাঁরা ‘চাঁদরাত’-এ পরিণত করতে পারেন—এমন আশঙ্কার কথা জানিয়ে এ বিষয়ে আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের প্রার্থীরা।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের একটি মিলনায়তনে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে নির্বাচন কমিশন।
অনুষ্ঠানে ইসলামী ফ্রন্টের মহাসচিব ও মেয়র পদপ্রার্থী এম এ মতিন অভিযোগ করেন, নির্বাচনের আগের রাতে টাকা বিলি হয়। এই রাতকে চাঁদরাত হিসেবে উল্লেখ করে ভোটের আগে টাকা ছড়ানো ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি।
চাঁদরাত নিয়ে শঙ্কার কথা জানান সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থী মমতাজ খান ও পূর্ব বাকলিয়া ওয়ার্ডের প্রার্থী জসিম উদ্দিনসহ আরও কয়েকজন। ভোটের আগের রাতে টাকা বিলি বন্ধ করতে আগাম ব্যবস্থা নেওয়ার দাবি জানান জসিম।
প্রার্থীদের এমন আশঙ্কার জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচনে টাকার ব্যবহার বন্ধ এবং ভোটের আগের রাত যেন “চাঁদ রাত” না হয় তা কমিশন নিশ্চিত করবে।’ তিনি আরও বলেন, ‘এমন কাজ করবেন না, যাতে আমাদের কঠোর হতে হয়।’
সভায় একাধিক প্রার্থী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। সিইসি এ নিয়ে কিছু না বলে তাঁর বক্তব্য শেষ করেন। এ সময় কয়েকজন প্রার্থী চিৎকার করে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি আবার মনে করিয়ে দিলে সিইসি বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত এখন নয়। ১৯ তারিখ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক আছে। সেই সভার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
অনেক প্রার্থী ভোট ও ব্যালট বাক্স ছিনতাইয়ের আশঙ্কার কথা বললেও তা উড়িয়ে দিয়ে সিইসি বলেন, বাক্স ছিনতাই এখন আর সম্ভব নয়। সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োগ করা হবে। বাক্স ছিনতাই দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।
প্রার্থীরা ভোটের রায় মেনে নিয়ে এলাকার উন্নয়নে নির্বাচিত প্রতিনিধিকে সহযোগিতা করবে—এমন প্রত্যাশার কথা জানিয়ে সিইসি বলেন, ‘সবাই মিলে এমন একটা পরিবেশ সৃষ্টি করুন, যা ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে।’
প্রার্থীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, ‘আচরণবিধি মেনে চলবেন। আইন ভঙ্গ করবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে মানুষ যাতে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়। প্রার্থীদেরও নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতার করার অনুরোধ জানান তিনি।
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেন, ‘আপনারা সম্মানিত লোক। আমরা সহজে কঠোর হতে চাই না। নিরুপায় হয়ে আইন প্রয়োগ করি। আচরণবিধি মেনে চলবেন।’
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘শাস্তি দেওয়া জরিমানা করা অস্বস্তিকর কাজ। জেনেশুনে কেউ এমন কাজ করবেন না যেন আমাদের কঠোর হতে হয়।’
সভায় বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিনসহ উপস্থিত থাকলেও কমিশনের উদ্দেশে কিছু বলেননি। দুজন পাশাপাশি চেয়ারে বসেন। সভা চলার সময় দুজনকে বেশ কয়েকবার হাসিমুখে কথা বলতে দেখা যায়। সভা শেষে দুজন হাতে হাত মেলান।
সভায় স্বাগত বক্তব্য দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। আরও বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।