সিলেটে চারদলীয় জোটের রোডমার্চ ও জনসভায় এক কোটি ২০ লাখ টাকা ‘চাঁদা আদায়’ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীকে দুর্নীতি দমন কমিশন—দুদক সিলেট কার্যালয়ে তলব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক স্বাক্ষরিত এক নোটিশে ৪ মার্চ ইলিয়াস আলীকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।সিলেটে গত ১১ অক্টোবর চার দলের রোডমার্চ শেষে খালেদা জিয়ার জনসভা হয়। প্রায় ছয় মাস পর এ রকম নোটিশে বিএনপির রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১১ মার্চ বিএনপির ‘ঢাকা চলো’ কর্মসূচিকে সামনে রেখে দুদকের তলব নোটিশে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাকা চলো কর্মসূচিকে সফল করতে ৫ মার্চ সিলেটে বিএনপির কর্মী সমাবেশের ঠিক আগের দিন দুদকে তলব করার এমন নোটিশ রাজনৈতিক প্রতিহিংসা বলে ইলিয়াস এক প্রতিক্রিয়ায় জানান।দুর্নীতি দমন কমিশন আইনের ১৯ ও ২০ ধারা এবং কমিশন বিধিমালার ২০ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারামতে, অভিযুক্ত ব্যক্তির বক্তব্য ‘শ্রবণ’ করতেই এ নোটিশ (স্মারক নম্বর ১৭২) জারি করা হয়েছে। এতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ হিসেবে ‘বিএনপির জনসভার জন্য এক কোটি ২০ লাখ টাকার চাঁদা আদায় ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ’ উল্লেখ করা হয়।নোটিশে ৪ মার্চ সকাল ১০টায় ইলিয়াস আলীকে দুদক সিলেট কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। নোটিশে আরও বলা হয়, ‘নির্ধারিত সময়ে আপনি উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ দুদক সূত্র জানায়, গত বছরের ১১ অক্টোবর সিলেটে চারদলীয় জোটের রোডমার্চ ও খালেদা জিয়ার জনসভার প্রধান সমন্বয়কারী ছিলেন বিএনপির নেতা এম ইলিয়াস আলী। রোডমার্চের বিরাট গাড়িবহর, এক দিন থাকা ও আলিয়া মাদ্রাসা ময়দানে বিশাল মঞ্চে জনসভাসহ সার্বিক প্রচারণার দায়িত্বে ছিলেন ইলিয়াস আলী। আর্থিক খরচ চার দলের ‘শুভানুধ্যায়ী’দের কাছ থেকে উত্তোলন করা হয়।সূত্র জানায়, জনসভা শেষে বিএনপিদলীয় সাবেক সাংসদ মকবুল হোসেন ওরফে লেচু মিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে জনসভামঞ্চে বক্তব্য দেওয়ার জন্য ২০ লাখ টাকা ইলিয়াস আলীকে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে ঝড় ওঠে। দুদক প্রায় পাঁচ মাসব্যাপী এসব বিষয় অনুসন্ধান করে ‘চাঁদা আদায়’ ও ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন’ বিষয়ে ইলিয়াসকে তলব করে।ইলিয়াসকে নোটিশ দিয়ে তলব করার বিষয়টি নিশ্চিত করেন দুদক সিলেটের সহকারী পরিচালক মো. জাকির হোসেন। দুদকে অভিযোগকারী ও সুনির্দিষ্ট কোনো অভিযোগে ইলিয়াসকে তলব করা হচ্ছে—এমন প্রশ্নে সহকারী পরিচালক বলেন, ‘জনসভার পরে বিভিন্ন মাধ্যমে মোটা অঙ্কের টাকা খরচের বিষয়টি প্রকাশ হওয়ায় এবং এ নিয়ে দুদক কার্যালয়ে একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তলব নোটিশ দেওয়া হয়। দুদকের প্রাথমিক অনুসন্ধান ও অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ইলিয়াসের প্রতিক্রিয়া: দুদকের তলব নোটিশের প্রতিক্রিয়ায় যোগাযোগ করলে এম ইলিয়াস আলী বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলার কোনো সুযোগ না পেয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। একের পর এক মামলা হচ্ছে। দুদকের এ নোটিশ ওই সব ষড়যন্ত্রেরই অংশ। আগামী ১২ মার্চ বিএনপির ‘ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে সিলেটে মাসব্যাপী প্রচারণা ও ৫ মার্চ প্রস্তুতি সভার আগের দিন আমাকে দুদক কার্যালয়ে হাজির থাকা রাজনৈতিক হয়রানি ছাড়া আর কিছু নয়।’