‘চাঁদাবাজ’ হাতির কবলে ডিআইজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী থেকে সড়কপথে গত সোমবার কুড়িগ্রামে যাচ্ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের সদ্য সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেছুর রহমান। তাঁকে বহনকারী গাড়িটি রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় পৌঁছালে ‘চাঁদাবাজ’ এক হাতির কবলে পড়ে। এতে গাড়িটি দীর্ঘক্ষণ সড়কে আটকে থাকে। পরে তিনি হাতিসহ মাহুতকে আটকের নির্দেশ দেন। মুক্তকচ্ছ হয়ে পুলিশ ছোটে হাতিটিকে ধরতে। খবর শুনে মাহুত হাতিটিকে একটি পুকুরে নামিয়ে দিয়ে নিজে পগারপার। হাতিকে পুকুর থেকে তুলতে ব্যর্থ হয়ে পুলিশ সদস্যরা রণেভঙ্গ দেন। এই ফাঁকে মাহুত এসে হাতিকে নিয়ে দেন চম্পট। এদিকে মোখলেছুর রহমানের গাড়িটি তখন সড়কপথে শিবগঞ্জের পরের উপজেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ পার হচ্ছিল। এ সময় মোখলেছুর রহমান মুঠোফোনে খবর পান, তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন।মহাস্থানগড়ের স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী আজমল হোসেন জানান, গাড়ি থামিয়ে মাহুত ১০ থেকে ২০ টাকা করে নিচ্ছিলেন। পুলিশ প্রটোকলে থাকা কয়েকটি গাড়িও হাতিটি থামিয়ে ছিল। পুলিশ বুঝতে পেরে মাহুত হাতিটিকে নির্বৃত্ত করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘এসপি সাহেবের নির্দেশে মাহুত ও তাঁর হাতিকে আটক করতে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখি, হাতিটি পানিতে নামিয়ে দিয়ে মাহুত পালিয়েছেন। ফলে ফিরে আসতে হয়।’গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মোখলেছুর রহমান কুড়িগ্রাম পৌঁছান। কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ পাওয়ার সুখবরটি জানান। তিনি জানান, গত সোমবার সকাল নয়টায় রুটিন পরিদর্শনের অংশ হিসেবে রাজশাহী থেকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হন। দুপুর দুইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পার হওয়ার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁকে সুখবরটি জানানো হয়।গতকাল মঙ্গলবার আলাপকালে মোখলেছুর রহমান রাস্তায় হাতির কবলে পড়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাতিটাকে দিয়ে বখশিশ আদায় করা হচ্ছিল। দেখে বললাম, এটা তো চাঁদাবাজির শামিল। এই হাতির পরিচালক কে? তাদের আটকাও। এর বেশি কিছু না।’