‘চাঁদে সাঈদীর মুখ’—গুজব ছড়ায় জামায়াত-শিবির!
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখ চাঁদে দেখা যাচ্ছে—এমন গুজব ছড়িয়ে দেশের বেশ কটি জেলায় ধর্মপ্রাণ মানুষকে রাস্তায় নামিয়ে আনে জামায়াত-শিবির। হরতালের আগে গত শনিবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে এ গুজব ছড়ানো হয়। পরে গতকাল রোববার তাণ্ডব চালায় জামায়াত-শিবির। বগুড়া: সাঈদীর মুখ চাঁদে দেখা যাচ্ছে—মসজিদে মসজিদে মাইকিং করে শনিবার মধ্যরাতে এমন গুজব ছড়ানো হয় জেলার নন্দীগ্রাম উপজেলার পাড়া-মহল্লায়। এরপর কৌশলে নেতা-কর্মীদের নিয়ে ভোর থেকেই তাণ্ডব শুরু করে জামায়াত-শিবির। চট্টগ্রাম: শনিবার রাত ১২টার পর সাতকানিয়া সদরের বোয়ালীপাড়া, সামিয়ারপাড়া, খলিফাপাড়া, রুজমপাড়াসহ আশপাশের অনেক মসজিদ থেকে একই গুজব ছড়িয়ে মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায়।তবে ফজরের নামাজের পর সাতকানিয়া জামে মসজিদের ইমাম হাবিবুল হক মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘যারা এ ধরনের বক্তব্য দিচ্ছে, তাদের ইমান নষ্ট হয়ে যাবে। যদি সাঈদীকে চাঁদে দেখা যায়, তাহলে তো তিনি গ্রেপ্তার নেই। যাঁরা এ ধরনের অপপ্রচারে কান দেবেন, তাঁদের ইমান থাকবে না।’ কুষ্টিয়া: শনিবার সন্ধ্যার পর মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে ও ফোন দিয়ে গুজব ছড়ায়। ভোরেও কয়েকটি মসজিদের মাইকে একই ধরনের প্রচারণা চালানো হয়। গাংনী উপজেলার বাওট, বামন্দী ও করমদি গ্রামেও একই গুজব ছড়ানো হয়। পাটগ্রাম (লালমনিরহাট): রোববার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে মুঠোফোন থেকে গুজব ছড়ানো হয়। সাঈদীকে রক্ষা করতে হরতালের সমর্থনে রাস্তায় নেমে আসতে বলা হয়। পাটগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. সামছুদ্দোহা বলেন, এটা ইসলামবিরোধী কাজ। বাউফল (পটুয়াখালী): গত শনিবার রাত ১২টা থেকে সকাল পর্যন্ত গুজব ছড়ানো হয়। বাউফল পৌরসভার শাহি মসজিদের খতিব মো. আবদুর রহমান বলেন, এ রকম আজগুবি খবর ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা ইসলাম সমর্থন করে না। বাগমারা (রাজশাহী): গতকাল ভোরে মুঠোফোনের মাধ্যমে ছড়ানো গুজবে মানুষ ঘর থেকে বের হয়। এ ছাড়া জয়পুরহাটের আক্কেলপুর, রংপুরের পীরগাছা, বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায়ও একই গুজব ছড়ায়। এ ধরনের গুজব ছড়ানোর অভিযোগে সুনামগঞ্জে এক ব্যাংক কর্মকর্তাসহ দুজনকে আটক করে পুলিশ।