'চাঁপাই আমের বিলেত যাত্রা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাগিং প্রযুক্তিতে উৎপাদিত চাঁপাইনবাবগঞ্জের আম বিদেশ যেতে শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের কয়েকটি বাগানের তিন মেট্রিক টন আম যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছে। 

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে (আম গবেষণা কেন্দ্র) আজ মঙ্গলবার ‘চাঁপাই আমের বিলেত যাত্রা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আম গবেষণা কেন্দ্র ও চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদেশে আম রপ্তানির ক্ষেত্রে ব্যাগিং পদ্ধতিতে উৎপাদনকারী আমচাষিদের পক্ষে রপ্তানিকারকদের সঙ্গে সমন্বয়কারী আম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন প্রথম আলোকে বলেন, সদর উপজেলার হাজির মোড় এলাকার রবিউল ইসলাম ও মোজাম্মেল হক এবং শিবগঞ্জ উপজেলার একাডেমির মোড় এলাকার ইসমাইল খানের বাগানে কীটনাশকমুক্ত ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম যাচ্ছে যুক্তরাজ্যের লন্ডন শহরে। বাংলাদেশ ফল ও সবজি রপ্তানিকারক সমিতির সদস্যরা পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জের এ পদ্ধতিতে উৎপাদিত দুই হাজার মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করবেন। তবে এর পরিমাণ আরও বাড়তে পারে।
বাংলাদেশ ফল ও সবজি রপ্তানিকারক সমিতির উপদেষ্টা কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে জানান, এ রপ্তানি প্রক্রিয়ার সহায়তা করছেন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সাজদার রহমান, ঢাকা খামারবাড়ির রপ্তানিবিষয়ক উপপরিচালক আনোয়ার হোসাইন খান, রপ্তানিকারক সমিতির ৫০ জন সদস্য পর্যায়ক্রমে চুক্তিবদ্ধ চাষিদের কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত, ফজলি ও আশ্বিনা আমও রপ্তানি করবে। রপ্তানি কার্যক্রম চলবে আগস্ট মাস পর্যন্ত।
গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজদার রহমান বক্তব্য দেন। আমচাষি প্রশান্ত কুমার ও সেতাউর রহমানও বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন।