'চাই চাই দর্শনাকে উপজেলা চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাই চাই উপজেলা চাই, দর্শনাকে উপজেলা চাই,’ এমন স্লোগানে গতকাল মঙ্গলবার মুখরিত হয়ে ওঠে পৌর শহর দর্শনা। পৌরসভা ও আশপাশের হাজারো নারী-পুরুষ ও শিশু এই স্লোগান দিয়ে মানববন্ধন রচনা করে।
দর্শনা উপজেলা আন্দোলন-এর ব্যানারে সকাল সাড়ে ১০টায় দর্শনা-মুজিবনগর মহাসড়কে স্থানীয় হল্ট রেলওয়ে স্টেশন থেকে শুরু করে রামনগর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। এতে এলাকার রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সংস্কৃতিকর্মীরা খোলা রিকশা-ভ্যানে করে নিজেদের লেখা ও সুর করা গণসংগীত পরিবেশন করেন।
দাবির পক্ষে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলি আজগার, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান, দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলাম ও নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান, জাসদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম, বেসরকারি সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।
আনোয়ার হোসেন বলেন, জেলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ সীমান্তের স্বর্ণদুয়ার দর্শনা। ১৫৩ বছর আগে দর্শনা দিয়ে প্রবেশ করেছে দেশের প্রথম রেলপথ। রয়েছে রেলওয়ে জংশন, এশিয়ার বৃহত্তম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি ও বিশাল শুল্ক বিভাগ। ঢাকা-কলকাতায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন হয়ে চলাচল করে। কেরু, রেলওয়ে ও শুল্ক থেকেই প্রতিবছর সরকার প্রায় ৩০০ কোটি টাকা রাজস্ব আদায় করে। কিন্তু দর্শনা উপজেলা না হওয়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম থেকে এই জনপদের মানুষ বঞ্চিত রয়েছে। বঞ্চিত হচ্ছে সরকারি সেবা থেকে। তাই শিগগিরই দর্শনাকে উপজেলা ঘোষণা করা হোক।
জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, দর্শনা উপজেলা না হওয়া রাজনীতিকদের ব্যর্থতা। সাংসদ আলি আজগার বলেন, দর্শনাকে উপজেলা করার বিষয়টি সংসদে আলোচনা করা হবে।
দামুড়হুদা পৌর শহর দর্শনা, পাশের পারকৃষ্ণপুর-মদনা ও কুড়ুলগাছি ইউনিয়ন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর, তিতুদহ, নেহালপুর ও গড়ুইটুপি ইউনিয়ন নিয়ে দর্শনা উপজেলা গঠনের দাবিতে আন্দোলন চলছে।