'চাই ধর্মের বিবেচনায় উন্নয়নচিন্তা'
সমাজের মধ্যে ধর্মের প্রভাবকে বিবেচনায় নিয়েই উন্নয়নের চিন্তা ও পরিকল্পনা করতে হবে। বিশ্বজুড়ে ধর্ম নিয়ে যে উত্তেজনা এবং মৌলবাদী তৎপরতা চলছে, তা বন্ধ করতেও ধর্মের নানা দিক বুঝতে হবে। ধর্মনিরপেক্ষতার নামে ধর্মকে বাদ দেওয়া বা ধর্মভিত্তিক রাজনীতি—এই দুই পথকেই সমালোচনার দৃষ্টিতে দেখতে হবে।
গতকাল শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগ, জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বার্কলে ধর্ম, শান্তি এবং আন্তর্জাতিক বিষয় কেন্দ্র এবং ওয়ার্ল্ড ফেইথস ডেভেলপমেন্ট ডায়ালগের উদ্যোগে এক আন্তর্জাতিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সেক্যুলারিজম অ্যান্ড ফেইথ ইন্সপায়ার্ড ডেভেলপমেন্ট: আন্ডারস্ট্যান্ডিং কনটেস্টেশন অ্যান্ড কোলাবরেশন’ শিরোনামে দিনব্যাপী এই কর্মশালাটি ব্র্যাক ইন-এ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উন্নতির হাতিয়ার হিসেবে ধর্মের প্রভাব নিয়ে আলোচনা হয়। বক্তারা একটি সমন্বিত ফোরাম গঠনের ঘোষণা দেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, সমাজের মধ্যে ধর্মের প্রভাবক বিষয়টি উন্নয়ন এবং রাজনীতিতে সঠিকভাবে খুব কমই এসেছে। তিনি বলেন, মওলানা ভাসানী ইনসাফ এবং হক-এর কথা বলতেন; যা ন্যায়বিচারের ধারণাকেই বোঝায়। ভাসানীর চিন্তাকে বাংলাদেশের রাজনীতিতে কেউ সঠিকভাবে ব্যবহার করেনি।
মূল পর্বে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হোসে ক্যাসানোভা বলেন, ইহুদিদের বিত্ত এবং পুঁজি গঠনে ধর্ম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। খ্রিষ্টধর্মের প্রটেস্টান মতাবলম্বীরা ক্যাথলিকদের চেয়ে ব্যবসায়ী হিসেবে বেশি প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে বিভিন্ন ধর্মীয় চিন্তা ও মতাদর্শ পুঁজি গঠন এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যা আধুনিক উন্নয়নচিন্তা যাঁরা করেন, তাঁদের বিবেচনা করা উচিত।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সায়ীদ এম হাশমীর অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। এরপর আলোচনায় অংশ নেন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ধর্ম, শান্তি এবং আন্তর্জাতিক বিষয় কেন্দ্রের জেষ্ঠ ফেলো ক্যাথরিন মার্শাল, ভারতের সেন্টার ফর স্টাডিস অব ডেভেলপিং সোসাইটির রাজীব ভাগার্ভা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিয়াজ খান ও সামিয়া হক। বেসরকারি সংস্থা সিসিডিবির নির্বাহী পরিচালক জয়ন্ত অধিকারী, হাক্কানী মিশনের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মেসবাহ-উল-ইসলাম এবং রামকৃষ্ণ মিশনের স্বামী স্থিরাতানন্দ। ব্র্যাকের হিউম্যান রাইট অ্যান্ড লিগ্যাল এইড বিভাগের পরিচালক ফস্টিনা পেরেরা এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদ আন্দালিব।