‘চাইর দিন ধইর্যা চুলা জ্বলে না’
‘চাইর দিন ধইর্যা চুলায় আগুন জ্বলে না মোগো। দিনে-রাতে দুইবার জোয়ারের পানি ওডে। চুলা-চাটকি, ঘর-দুয়ার সব তলাইয়্যা যায়। পোলাপান লইয়্যা চকির উপরে বইয়্যা থাহি।’ গতকাল শনিবার দুপুরে এভাবেই দুর্ভোগের কথা বলছিলেন বরগুনা সদর উপজেলার পশ্চিম নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা জয়নাল মোল্লা। নিশানবাড়িয়া গ্রামের প্রায় ১৫০টি পরিবারের অবস্থা একই রকম। শুধু এই গ্রাম নয়, পার্শ্ববর্তী পূর্ব নিশানবাড়িয়া, আমতলা, গাজী মাহমুদ—এই চারটি গ্রামের প্রায় ৬০০ বাসিন্দা গত চার দিন ধরে সকালে ও রাতে দুবার করে জোয়ারের পানিতে ভাসছেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে লোকজনের দুর্ভোগ উঠেছে চরমে। নিশানবাড়িয়া গ্রামের আরেক বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘নিশানবাড়িয়া এলাকার স্লুইস গেটটি ২০০৭ সালের ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়ার পর আর মেরামত করা হয়নি। ভাঙা গেট দিয়ে পানি উঠে এসব গ্রাম প্লাবিত হচ্ছে।’ এলাকার ইউপি চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন, ‘এই স্লুইস গেট ও পার্শ্ববর্তী বাঁধ নির্মাণ করা না হলে এসব মানুষের দুর্ভোগ কমবে না। আমরা বারবার বিষয়টি পাউবো কর্মকর্তাদের জানিয়েছি। কিন্তু ফল পাচ্ছি না।’বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বুড়িরচর, পুরাকাটা, হাজারবিঘাসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের প্রায় ৪০০ পরিবার জোয়ার ও বর্ষণের পানিতে বন্দী হয়ে পড়েছে। আমতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের প্রায় সব এলাকাই পানিতে নিমজ্জিত হয়ে আছে। মৌপাড়া এলাকার ১০-১২টি পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। মৌপাড়া গ্রামের সোনা খাঁ বলেন, ‘হরমু কী? ঘরে থাহনের উপায় নাই। রাইতে ও দিনে জোয়ারের পানিতে সব তলাইয়্যা যায়। হেইতে বউ-বাচ্চা লইয়্যা এক আত্মীয়ের বাড়ি উঠছি। বইন্না কমলে বাড়ি যামু।’ গাবতলী গ্রামের বাসিন্দা আবদুল মন্নান বয়াতি বলেন, ‘আমাগো উডানে হাঁটুসমান পানি। বাইরে নামনের উপায় নাই। গ্রামের সব পানিতে তলাইন্না।’ পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নান্নু খান গতকাল দুপুরে জানান, জোয়ারের পানি আর অতিবৃষ্টির কারণে আমাদের ইউনিয়নের বেশির ভাগ মানুষ পানিবন্দী।বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, গতকাল সকালে বরগুনা সদর উপজেলার গুলিশাখালী এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০ ফুট অংশ নদীতে বিলীন হয়ে ওই এলাকার কয়েকটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বামরা উপজেলার কালিকাবাড়ি এলাকায়ও বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়েছেন তাঁরা। এ ছাড়া বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর এলাকার প্রায় ১৫০ ফুট বাঁধ বিষখালী নদীতে বিলীন হয়ে ওই এলাকার ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী গাজী ইয়ার আলী জানান, গতকাল বরগুনার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দশমিক ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। আগের দিন তা ছিল বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে। তবে গতকাল বৃষ্টিপাতের পরিমাণ ছিল অস্বাভাবিক। গতকাল দুপুরে বরগুনায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়; আগের দিন যা ছিল ৫০ মিলিমিটার।