‘চাইল কেনার টাহা ভাইঙ্গে পানি কিনতি অচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চারিদিকির নদী, খাল-বিল ভরা জল। কিন্তু খাবার জন্যি একবিন্দু জল নেই। তিন-চাইর মাইল হাইটে বা নৌকোয় এইরে পুকুরির জল আনতি এক কলসে দিতি অয় ২০ টাহা। পেটের ক্ষিদে সওয়া গেলিও, পিপাসার কষ্ট সইয্য অয় না। তাই চাইল কেনার টাহা ভাইঙ্গে পানি কিনতি অচ্ছে।’ কথাগুলো বলেন আইলা-দুর্গত খুলনার দাকোপ উপজেলার সুতরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুনারী গ্রামের চপলা মিস্ত্রি (৩৫)।শুধু চপলা মিস্ত্রির মতো দাকোপ উপজেলার দুটি ইউনিয়ন সুতরখালী ও কামারখোলার প্রায় ১২ হাজার পরিবার পানির কষ্টে আছে। এসব পরিবারকে প্রতিদিনের পানীয় জল সংগ্রহে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। আর বিশুদ্ধ পানীয় জলের অভাবে পেটের পীড়াসহ ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাদের চিকিত্সার জন্য সরকারি কোনো ব্যবস্থা নেই। গ্রামের পল্লি চিকিত্সকই তাদের একমাত্র ভরসা। সম্প্রতি সরেজমিনে সুতরখালী ইউনিয়নের গুনারী, জালিয়াখালী, কালীবাড়ি লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধে গিয়ে দেখা গেছে, বাঁধের দুই পাশেই ছোট ছোট অসংখ্য ঝুপড়ি ঘর। মাঝেমধ্যে নতুন কিছু টিনের ছাউনি ও বাঁশের বেড়া দিয়ে তৈরি ঘর চোখে পড়ে। প্রতিটি ঘরের প্রবেশমুখে মাটির তৈরি বড় বড় মটকা (পাত্র)। কিন্তু সেসব পাত্র পানিশূন্য।জনস্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম ডি কামাল উদ্দিন আহমেদ জানান, আইলা-দুর্গত এলাকায় তাঁরা সপ্তাহে এক দিন দুই হাজার লিটার বিশুদ্ধ পানি নিয়ে যাচ্ছেন। ওই এলাকায় প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার লিটার পানির চাহিদা আছে।কালীবাড়ি লঞ্চঘাটের বেড়িবাঁধে আশ্রিতা ফিরোজা বেগম বলেন, ‘পানির কষ্টের শেষ নেই। পানিতে ডুইবে আছি। কিন্তু পানি কিনতি অয় ২০ টাহা দিয়ে। পারলি পানির ব্যবস্থা এরেন।’ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা মদিনা বেগম বলেন, ‘নোংরা পানি খাইয়ে মাইয়েডারে মদিনা (৪) পায়খানায় ধরিছে। সাত দিন ভুগদিছে। ওষুধ খাওয়াব সেই টাহাও নেই। সরকার আমাগে বাঁচাবিনে?’রক্ত আমাশয়ে কাহিল হয়ে পড়েছেন জ্যোতির্ময় সরদার। তিনি বলেন, ‘টিউবলের জল তো পাইনে। পুকুরির জল তাও কিনে খাতি অয়। ফুটোয়ে খাব, তার কাঠ নেই। আইলার পর এক মাস কিছু ট্যাবলেট (পানি বিশুদ্ধকরণ) পাতাম। এহন তা-ও কেউ দেয় না। তাই পুকুরির জল খাইয়ে আমাশয় সঙ্গী এইরে ফেলিছি।’ ২ নম্বর ওয়ার্ডে গুনারী গ্রামের পাশের বেড়িবাঁধটিতে আশ্রিত পরিবারের সংখ্যাও প্রায় ৭০০। এখানকার পল্লি চিকিত্সক অমৃত বৈদ্য বলেন, গত এক মাসে ১২০ জন ডায়রিয়া রোগীকে চিকিত্সা দেওয়া হয়েছে। তাদের অধিকাংশেরই পানিশূন্যতার জন্য দেহে স্যালাইন দিতে হয়েছে।দূর থেকে পানীয় জল সংগ্রহ করে বিক্রি করেন গুনারী গ্রামের নুরুল গাজী। তিনি বলেন, ‘আইলার পর থেকে প্রতিদিন ভোরে বড় নৌকা নিয়ে পানি সংগ্রহে বের হই। বিকেলে সেই পানি গ্রামের ঘরে ঘরে পৌঁছে দিই।’ প্রতি কলস পানি ২০ টাকা দরে বিক্রি করেন তিনি।খুলনা বিভাগীয় জনস্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষাগারের রসায়নবিদ আমিনুর রহমান বলেন, লোনাপানি খেলে আমাশয়সহ ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে। তা ছাড়া নিয়মিত তা খেলে অবস্থা ভয়ংকর হতে পারে।দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিউর রহমান প্রথম আলোকে বলেন, আইলায় ক্ষতিগ্রস্ত লোকেরা যারা বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে, তাদের মধ্যে পানযোগ্য পানির চরম সংকট রয়েছে। এ কারণে পেটের পীড়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা না করলে অবস্থা ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।