‘চাইয়্যা একটু গোস্ত আনমু হেই অবস্থাও নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পোলাপানগুলায় খালি গোস্তের লাইগ্যা চিরহায়। গোস্ত পামু কই? আশপাশে কেউ তো কোরবানি দেয় নায়। কেউর বাড়ি দিয়া চাইয়্যা-চিন্তা একটু গোস্ত আনমু, হেই অবস্থাও নাই। ঈদ তো মোগো নাহান গরিবের জন্য না। এক বেলা খাওন জোটে না, আবার ঈদ!’ বরগুনা সদর উপজেলার বিষখালী নদীর তীরের গ্রাম মাছখালীর সখিনা বেগম এভাবেই নিজেদের আক্ষেপের কথা বলছিলেন।গত বুধবার (ঈদের দিন) দুপুরে মাছখালী গ্রামে গিয়ে ঈদের কোনো আমেজই লক্ষ করা যায়নি। শুধু মাছখালী নয়, বিষখালী তীরলাগোয়া লতাবাড়িয়া ও ডালভাঙা গ্রামেও ঈদের আনন্দের লেশমাত্র ছিল না। নিত্যদিনের মতোই এসব গ্রামের প্রায় ৪০০ পরিবারের মানুষ দিনটি কাটিয়েছে অর্ধাহারে। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় এসব গ্রামের বাসিন্দাদের ঘরদোর তছনছ হয়েছে। জীবিকার বাহন জাল, নৌকা সব গেছে। এখন বিষখালী নদীতে মাছ ধরে কোনো রকমে খেয়ে না-খেয়ে চলে তাঁদের জীবন।ঈদের দিন, দুপুর গড়িয়ে গেছে। মাছখালী গ্রামের জেলে আবদুর রশিদের বাড়িতে ঈদের বাড়তি কোনো আয়োজন তো দূরে থাক, এ নিয়ে কারও কোনো উৎসাহ নেই। বাড়ির ভিটায় রান্না চলছে। রশিদের স্ত্রী সখিনা বেগম ও পুত্রবধূ আফরোজা রান্না করছিলেন। কী রান্না করছেন—জিজ্ঞেস করতে সখিনা বেগম শাড়ির আঁচলে মুখ ঢেকে লাজুক ভঙ্গিতে বললেন, ‘কচু আর লাউশাক।’আজ না ঈদ—এমন প্রশ্ন করতেই সখিনা বেগম কিছুটা উষ্মার স্বরে বললেন, ‘মোগো আবার ঈদ! ঈদ তো ধনী মাইনষের লইগ্যা।’ ছেলে ও নাতি-নাতনিরা বায়না ধরে না? সখিনা কিছুটা সংযত হয়ে বলেন, ‘বায়না তো করেই। অরা তো গুড়াগাড়া মানুষ, অরা কী বোঝে। মোগো একমুঠ ভাত জোডাইতেই কষ্ট!’ফেরার পথে দেখা গেল, লতাবাড়িয়া গ্রামের গৃহবধূ শাহিনূর বেগম ওয়াপদার বাঁধের ঢালে বুনো কচুর শাক কাটছেন। এগুলো দিয়ে কী করবেন—জিজ্ঞেস করলে শাহিনূর বলেন, ‘রানমু।’ আজ আর কী রান্না করবেন? শাহিনূর হেসে জবাব দেন, ‘আর কী রানমু, ভাত আর কচুর শাক।’ দেশের অধিকাংশ মানুষ যখন আনন্দে ঈদ উদ্যাপনে ব্যস্ত, তখন মানবেতর জীবনযাপনের এই প্রতিচ্ছবি সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বেশির ভাগ মানুষের।