'চাকরিটাও গেল, আমি এখন কী করব?'
‘সীডে আপনাকে আর প্রয়োজন নাই বিধায় আপনাকে...অব্যাহতি প্রদান করা হলো।’ গতকাল সোমবার কাজের জন্য গেলে সমাপ্তি রায়ের হাতে এ চিঠি ধরিয়ে দেয় কর্তৃপক্ষ। দৃষ্টিপ্রতিবন্ধী সমাপ্তি রায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে কর্মরত সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অব দ্য ডিস্যাবল্ড (সীড) নামের প্রতিষ্ঠানে সংগীতশিক্ষক ও বৃত্তিমূলক প্রশিক্ষক হিসেবে গত বছরের নভেম্বর মাস থেকে কর্মরত ছিলেন। এ চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ ছিল এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত।
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সীডে চাকরিতে যোগ দেওয়ার শর্তে উল্লেখ ছিল, সমাপ্তিকে অটিস্টিক, বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কাজ করতে হবে। প্রাথমিকভাবে নয় হাজার টাকা বেতনে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। এ সময়ের পর কর্মদক্ষতার মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীভাবে অথবা আরও কিছু মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হতে পারে। এতে আরও উল্লেখ ছিল চুক্তিকালীন যেকোনো কারণে অফিস কোনো রকম কারণ দর্শানো ছাড়াই যেকোনো মুহূর্তে এ চুক্তি বাতিল করতে পারবে।
সমাপ্তির নিয়োগপত্রের ভাষা, প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কোনো কিছু নিয়েই কোনো অভিযোগ নেই। শুধু একটাই কথা, তাঁকে বাদ দেওয়ার আগে একটু জানালে তিনি অন্য কোনো জায়গায় অন্তত চাকরির জন্য চেষ্টা করতে পারতেন। এখন তাঁর চলবে কীভাবে?
সমাপ্তি রায় প্রথম আলোকে বলেন, ‘মিরপুরে দুই রুমের বাসায় এক রুমে আমরা মা ও মেয়ে ঘুমাই। আরেক রুমে এলাকার বাচ্চাদের গান শেখাতাম। চাকরির জন্য শিক্ষার্থীর সংখ্যা মাত্র তিনজন আছে। হুট করে চাইলেই তো আর অনেক শিক্ষার্থী আমি পাব না। চাকরিটাও গেল, এখন আমি কী করব?’
সীডের নির্বাহী পরিচালক দিলারা সাত্তার প্রথম আলোকে বলেন,‘সম্পূর্ণ মানবিক কারণেই সমাপ্তিকে চাকরি দেওয়া হয়েছিল। আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় অনেককেই ছাঁটাই করতে হয়েছে। তবে নিয়মের বাইরে কিছু করা হয়নি। নোটিশ দেওয়ার মতো অবস্থা ছিল না।’ নিজের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কথা তুলে ধরে দিলারা সাত্তার বলেন, ‘সমাপ্তি ও তাঁর মায়ের জন্য সহানুভূতি জানানো ছাড়া আমার পক্ষে আর কিছু করার নেই। আমি নিজে অনেক প্রতিষ্ঠানকে তাঁকে যাতে একটি চাকরি দেয়, সে আবেদন জানিয়েছি। সরকার তাঁর পাশে দাঁড়াতে পারে।’
সমাপ্তি রায়ের বাড়ি ফরিদপুরে। তিন বছর বয়সে টাইফয়েড হয়ে দুই চোখ নষ্ট হয়ে যায়। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। সামনে বিএ পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল। তাঁরা তিন ভাই, তিন বোন। বাবা কবিরাজি করতেন। ভারতে যাওয়ার পর নানান জটিলতায় আর দেশে ফিরতে পারেননি। তাই দীর্ঘদিন ধরে সমাপ্তি ও তাঁর মায়ের সঙ্গে বাবার যোগাযোগ নেই। অন্য ভাইবোনেরা এই মা ও মেয়েকে দেখেন না। তাই মেয়ে চাকরি করতেন, মা মেয়ের সঙ্গে সারা দিন বসে থাকতেন। কাজ শেষে মা ও মেয়ে ঘরে ফিরতেন। এই করেই চলছিল মা ও মেয়ের সংসার চলছিল।
ছোটবেলা থেকেই সমাপ্তি গান শেখেন। তাঁর গানের গুরু করুণাময় অধিকারী, মো. রেজাউল করিম ও মিতা হক। তিনি তাঁর গুরুদের সম্মান রেখেছেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন সংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তিনবার প্রথম স্থান অধিকার করে ‘অনন্যমান’ শিল্পী হিসেবে সম্মান পেয়েছেন। একটি বেসরকারি টেলিভিশনের ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৫’ প্রতিযোগিতায় সারা দেশের ৪০ হাজার প্রতিযোগীর মধ্যে ধাপে ধাপে ১৬তম স্থানে এসে বাদ পড়েন। সেখান থেকে পান এক লাখ টাকা। কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ শিশু একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকেও পুরস্কার পেয়েছেন। এ পর্যন্ত ৫৬ বার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। লালন, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দেশাত্মবোধক—সব ধরনের গান গাইতে পারেন। তানপুরা, হারমোনিয়াম বাজাতে পারেন। মাঝেমধ্যে গান লেখেন এবং নিজেই সুর করেন।