ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো জবস ক্যারিয়ার ফেয়ার
'চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে হবে'
উচ্চশিক্ষিত তরুণদের শুধু চাকরি খুঁজলেই হবে না, অন্যের চাকরির সংস্থান করতে নিজেদের উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার ব্র্যাক ইউনিভার্সিটি-প্রথম আলো জবস ক্যারিয়ার ফেয়ার-২০১৪ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
‘ট্যাকলিং গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট’ স্লোগান নিয়ে রাজধানীর হোটেল ওয়েস্টিনে গতকাল সকাল ১০টায় দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। এতে ৫০টি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই মেলা সবার জন্য এটি উন্মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হাসান আবেদ শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। তিনি যুক্তরাষ্ট্রের নামকরা শিক্ষায়তন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) উদাহরণ দিয়ে বলেন, প্রতিষ্ঠানটি থেকে উচ্চশিক্ষা নিয়ে বের হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪০ শতাংশই নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, আইএলওর হিসাবমতে, বাংলাদেশের তিন কোটি লোক বেকার। এর মধ্যে ৪৭ শতাংশই উচ্চশিক্ষিত। ফলে তরুণদের নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘আমরা প্রতিষ্ঠান চালাতে গিয়ে দেখেছি, অনেক ক্ষেত্রে যোগ্য লোক পাওয়া যায় না। এ ধরনের মেলার মাধ্যমে আমরা চাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যোগ্য মানুষ গড়ে উঠুক।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস অফিসের পরিচালক কুমার মুরশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ, প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ফুয়াদ হাসান মল্লিক।
অনুষ্ঠানে অন্য বক্তারা দেশের শিল্প এবং ব্যবসা খাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সংযোগ তৈরিতে এই মেলা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
মেলার প্রথম দিন সকালে কয়েক শ তরুণ-তরুণী মেলায় আসেন। অনেকের সঙ্গে তাঁদের অভিভাবকেরা ছিলেন। তাঁরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনেকে স্টলে রাখা বাক্সে জীবনবৃত্তান্ত জমা দেন। মেলায় চাকরি এবং পেশা নিয়ে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।