‘চাচা, আপনার টাকা পড়ে গেছে’
‘চাচা, আপনার টাকা পড়ে গেছে’—এ কথা শুনে মাদ্রাসার অফিস সহকারী নিচু হয়ে টাকা তুলতে গেলে ছিনতাইকারী তাঁর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ওই ব্যাগে মাদ্রাসার ১৪ জন শিক্ষককের মাসিক বেতন বাবদ এক লাখ ৪৮ হাজার টাকা ছিল। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার থানাসংলগ্ন অগ্রণী ব্যাংকের ভেতরে। ওই ব্যাংকে টাকা তুলতে এসেছিলেন ঠেনঠেনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আ. সাত্তার। তিনি টাকা তুলে ব্যাগে রাখার পর এ ঘটনা ঘটে। আ. সাত্তার জানান, ১৪ জন শিক্ষকের সেপ্টেম্বর-২০১২ মাসের বেতন বাবদ এক লাখ ৪৮ হাজার টাকা তুলে ব্যাগে ভরে ক্যাশ কাউন্টারের পাশে রাখলে পাশে থেকে আনুমানিক ৩৫ বছরের এক ব্যক্তি তাঁকে উদ্দেশ করে বলেন, ‘চাচা আপনার টাকা পড়ে গেছে।’ এ কথা শুনে ‘আমি নিচু হলেই সেই সুযোগে ছিনতাইকারী আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে অগ্রণী ব্যাংক নগরকান্দা শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম সিকদার বলেন, ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর ঘটনাটি তাঁরা জানতে পারেন।