'চাচা-ভাতিজার' লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে দুজন দল-সমর্থিত। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী ও বিএনপি-সমর্থিত প্রার্থী কামরুজ্জামান ওরফে কমল। আর মুক্তিযোদ্ধা মো. নুরুন্নবী স্বতন্ত্র প্রার্থী।
গোলাম মাহফুজ স্বতন্ত্র ও বিএনপি-সমর্থিত প্রার্থীর চেয়ে বয়সে তরুণ। এ কারণে তিনি দুজনকেই ‘চাচা’ বলে সম্বোধন করেন। আবার ওই দুজনও গোলাম মাহফুজকে ‘ভাতিজা’ বলে সম্বোধন করেন। তবে নির্বাচনী মাঠে গোলাম মাহফুজ ও কামরুজ্জামান পরস্পরকে ছাড় দিচ্ছেন না। এ কারণে এলাকার ভোটাররা এই নির্বাচনকে ‘চাচা-ভাতিজার’ লড়াই বলে অভিহিত করছেন। আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচন ১৫ মার্চ হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মো. নুরুন্নবী আনারস, কামরুজ্জামান মোটরসাইকেল ও গোলাম মাহফুজ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক (চশমা), আবদুল ওয়াদুদ (মাইক), এস এম রাশেদুল ইসলাম (টিউবওয়েল), রফিকুল ইসলাম ওরফে চপল (তালা), নুর মোহামঞ্চদ মণ্ডল (বৈদ্যুতিক বাল্ব) ও আবদুল হামিদ মণ্ডল (উড়োজাহাজ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে এনামুল হক আওয়ামী লীগ-সমর্থিত এবং উপজেলা জামায়াতের আমির এস এম রাশেদুল ইসলাম বিএনপির নেতৃত্বাধীন ১৯ দল-সমর্থিত প্রার্থী। এ ছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে রওশন আরা (কলস), শাহীনা আখতার (পদ্মফুল), আছিয়া খানম (প্রজাপতি) ও নাছিমা আকতার (ফ্যান) প্রতিদ্বন্দ্বিতা করছেন। আছিয়া খানম আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। বাকি তিনজনকে অন্য কোনো দলই সমর্থন দেয়নি।
দুটি দল থেকে জানানো হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী আওয়ামী লীগ-সমর্থিত এবং পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. কামরুজ্জামান বিএনপি-সমর্থিত প্রার্থী। উভয় দলের নেতা-কর্মী ও সমর্থকেরা নিজ নিজ প্রার্থীকে জয়ী করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেতা-কর্মী ও সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।
পৌর সদরের হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা হযরত আলী বলেন, ‘উপজেলা নির্বাচনে চাচা-ভাতিজার ভোটযুদ্ধ হচ্ছে। তাঁরা একে অপরের বিরুদ্ধে বাক্যুদ্ধেও লিপ্ত হচ্ছেন। এ কারণে চাচা-ভাতিজার কর্মী, সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাও দেখা দিচ্ছে।’ শান্তা গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মো. নুরুন্নবীকে কোনো প্রার্থীর বিরুদ্ধাচরণ করতে দেখা যায়নি।’
বিএনপি-সমর্থিত প্রার্থী কামরুজ্জামান বলেন, ‘স্নেহের ভাতিজা সরকারি দল-সমর্থিত প্রার্থী গোলাম মাহফুজ আমার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এ ছাড়া পুলিশকে ব্যবহার করে আমার কর্মী-সমর্থকদের হয়রানি করছে।’
গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘আমার ভোটের জোয়ার দেখে প্রতিপক্ষ বিএনপির-সমর্থিত প্রার্থী কামরুজ্জামান চাচার মাথা খারাপ হয়ে গেছে। তাই আমার বিরুদ্ধে আবোল-তাবোল বলে বেড়াচ্ছেন।’