'চাপের মুখে' সরে গেলেন বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের ‘চাপের মুখে’ নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী জহিরুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির প্রার্থী ও কর্মী-সমর্থকদের নিরাপত্তাহীনতা ও হামলা-মামলার আতঙ্কের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জহিরুল ইসলামের অভিযোগ, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেনের লোকজন নানাভাবে তাঁর ওপর চাপ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তাঁরা এলাকায় প্রচার করছেন নৌকা প্রতীকে একটি ভোট পড়লেও দেলোয়ার হোসেন চেয়ারম্যান হবেন। আওয়ামী লীগের লোকজন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছেন ও নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যেতে তাঁদের হুমকি দিচ্ছেন। এ পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন।
বিএনপির প্রার্থীর অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামী লীগের প্রার্থী দোলোয়ার হোসেনের মুঠোফোনে গতকাল রাতে একাধিকার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, দাদপুর ইউনিয়নে দলীয় প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কথা তিনি শুনেছেন। কিন্তু তিনি এ বিষয়ে দলের কারও সঙ্গে আলোচনা করেননি।
আবদুর রহমান বলেন, কাউকে না জানিয়ে এভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঠিক হয়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন যেহেতু শেষ হয়ে গেছে, তাই এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’