'চাপ' সত্ত্বেও শান্তিপূর্ণ ভোট সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট দিলাম, কিন্তু চাপ আছিল!’ সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জটলা দেখিয়ে এভাবেই বললেন একজন ইউপি সদস্য। সকাল সাড়ে ১০টার দিকে ওই জটলা দেখিয়ে শুধু ‘চাপ’ বলে এড়িয়ে যাওয়ার কারণ সন্ধান করতে গিয়ে জানা গেল, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থীকে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগ। ভোটকেন্দ্রের বাইরে এ তৎপরতা চলায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না।
ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনামুল হক সরদারের এজেন্ট শাহেদ আহমদ অভিযোগ করেন, সকাল ১০টার দিকে কেন্দ্রে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রণজিৎ সরকার এসে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থীকে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য প্রভাবিত করেছেন। প্রায় দুই ঘণ্টা তিনি সেখানে অবস্থান নিয়ে অন্তত ৩০ থেকে ৪০ জন ভোটারকে এভাবে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট দিতে ‘চাপ’ দিয়েছেন। শাহেদ বলেন, ‘তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।’
ভোট গ্রহণ শেষে যোগাযোগ করলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাওলাদার আজিজ বিষয়টি অস্বীকার করে জানান, এ কেন্দ্রের ১০৭ জন ভোটারের মধ্যে প্রত্যেকেই ভোট দিয়েছেন। কেন্দ্রের ভেতরে ভোটারদের প্রভাবিত করে প্রকাশ্যে ব্যালটে সিল মারার কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘আমরা শুধু কেন্দ্রের ভেতরের অবস্থা দেখব। আসলে ভোট খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।’
আওয়ামী লীগের নেতা রণজিৎ সরকার দাবি করেন, তিনি ভোট গ্রহণ কেমন হচ্ছে, সেটি দেখতে গিয়েছিলেন। তাঁকে দেখে স্থানীয় নেতা-কর্মীরা জড়ো হওয়ায় তিনি চলে গেছেন।
এভাবে শুধু একটি ভোটকেন্দ্রে নয়, জনপ্রতিনিধি-ভোটারের মধ্যে একধরনের ‘চাপ’ ছিল। কোথাও কোনো ধরনের ভোট-উৎসবের আমেজ পাওয়া যায়নি। দুপুর পৌনে ১২টার দিকে ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মদনমোহন কলেজে গিয়ে দেখা যায়, কয়েকজন ভোটার ভোট দিচ্ছেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মুন্তাকিম জানান, ১০৫ জন ভোটারের মধ্যে তখন পর্যন্ত ৫৫ জন ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরোনোর সময় কথা হয় সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আকবর কবীর সায়েম ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানের সঙ্গে। তাঁরা জানান, কোনো ধরনের গোলযোগ ছাড়াই চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রের সামনে থেকে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানায় কর্তব্যরত পুলিশ। এ সময় সরকারদলীয় কর্মীদের সঙ্গে পুলিশের মিনিট দশেক উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় এবং সরকারদলীয় কর্মীরা ভোটকেন্দ্রের সামনে থেকে সরে দাঁড়ান।
মদনমোহন কলেজ কেন্দ্রে কর্তব্যরত সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ বলেন, ‘পুলিশ কেন্দ্রের সামনে মানুষের জটলা দেখে তাদের সরে যাওয়ার অনুরোধ জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সামান্য বাগ্বিতণ্ডা হয়েছে। তবে পুলিশের কথা শুনে মিনিট দু-একের মধ্যেই তারা সে স্থান ত্যাগ করেছে।’
ভোটের দিন ৪ ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ভোট স্থগিত: ভোটের দিন সকালে সিলেটে জেলা পরিষদ নির্বাচনে চারটি ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়। এর আগে গত শুক্রবার আরেকটি ওয়ার্ডে একই পদে নির্বাচন স্থগিত করা হয়। জেলায় মোট ১৫টি ওয়ার্ডে ভোট হওয়ার কথা ছিল।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ৩ নম্বর ওয়ার্ড (দক্ষিণ সুরমার একাংশ ও ফেঞ্চুগঞ্জ), ৮ নম্বর ওয়ার্ড (ওসমানীনগর), ৯ নম্বর ওয়ার্ড (বিশ্বনাথ) এবং ১৪ নম্বর ওয়ার্ডে (কানাইঘাট) সাধারণ সদস্যপদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এ চারটি ওয়ার্ডে ছয়জন প্রার্থী বাছাইয়ে বাতিল হওয়ার পর আপিলেও টিকতে না পেরে উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফেরত পান। আপিলে প্রার্থিতা ফেরত পাওয়া প্রার্থীদের বিরুদ্ধে ইসি আপিল করেছে। তাই এ ওয়ার্ডগুলোতে সাধারণ সদস্যপদে নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে গত শুক্রবার আরেক প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে ১ নম্বর ওয়ার্ডেও (সিটি করপোরেশন ও সদরের আংশিক) নির্বাচন স্থগিত করা হয়। এসব ওয়ার্ডে সাধারণ সদস্যপদে মোট ৪৩ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের বিপরীতে আপিল করেছে ইসি। আপিলের শুনানি হবে ৫ জানুয়ারি। এ কারণে সাধারণ সদস্যপদের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। তবে বাকি পদে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।