‘চার সিটিতে নির্বাচন জুনে হতে পারে’
নির্বাচন কমিশন আগামী জুনে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা করছে। গতকাল রোববার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা জানান।আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে শাহনেওয়াজ জানান, কমিশন আশা করছে, মে মাস নাগাদ ভোটার তালিকার সিডি হাতে পাওয়া যাবে। সেটা পাওয়া গেলে এর পরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।শাহনেওয়াজ বলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে রোজা শুরু হবে। তাই কমিশন রোজার আগেই চার সিটির নির্বাচন করতে চায়। কেননা, আগস্ট-সেপ্টেম্বর থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করতে হবে। সে কারণে জুন মাসকে সিটি নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত বলে কমিশন মনে করছে। এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তবে নির্বাচন একই দিনে, নাকি একাধিক দিনে হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনার জানান, নতুন গঠিত গাজীপুর সিটি করপোরেশনের সীমানা নির্ধারণের কাজ শিগগিরই শেষ হবে। সেখানে ১৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন করতে হবে।২০০৮ সালের ৪ আগস্ট বরিশাল, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশন আইন অনুসারে, করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। করপোরেশনের মেয়াদ হবে করপোরেশনের প্রথম বৈঠক থেকে পরবর্তী পাঁচ বছর। এই হিসাবে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন, ২৫ সেপ্টেম্বর খুলনা সিটি এবং ৮ অক্টোবর বরিশাল সিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।