'চারকোল' প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমরজিৎ রায়চৌধুরীর আঁকা ‘মা ও শিশু–১’​
সমরজিৎ রায়চৌধুরীর আঁকা ‘মা ও শিশু–১’​

উত্তরার গ্যালারি কায়ায় শুরু হচ্ছে সম্মিলিত শিল্পকর্ম প্রদর্শনী ‘চারকোল’। আজ সন্ধ্যা ছয়টায় উদ্বোধন হবে প্রদর্শনীর। অতিথি হিসেবে থাকবেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির ও শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ।
মোট ১৪ জন শিল্পীর ৪৬টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। সব শিল্পকর্মই চারকোল মাধ্যমে করা। শিল্পীদের মধ্যে আছেন সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, চন্দ্র শেখর দে, নাজলি লায়লা মনসুর, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, রণজিৎ দাস, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, গৌতম চক্রবর্তী, মোহাম্মদ ইকবাল, শেখ রোকনুজ্জামান ও আশরাফুল হাসান। প্রদর্শনী চলবে ১১ আগস্ট পর্যন্ত। দেখা যাবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনী সম্পর্কে আয়োজক শিল্পী গৌতম চক্রবর্তী বললেন, ‘যাঁরা চারকোলে কাজ করেন বলে জানি অথবা কোনো এক সময় করেছেন, তাঁদের বলেছি শুধু চারকোলে কাজ করতে। এই প্রদর্শনীর বিশেষ দিক হলো পুরো প্রদর্শনীটা চারকোলে করা কাজ নিয়ে। সব শিল্পকর্মই কাগজের (পেপার) ওপর করা। বিষয়টি সবার জন্য মুক্ত ছিল। শিল্পী নিজেই তাঁর বিষয়টি বেছে নিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘প্রবীণ শিল্পীর পাশাপাশি তরুণ শিল্পীরাও আছেন এ প্রদর্শনীতে। আরও অনেকেই ছিল যাদের বলা যেত কিন্তু গ্যালারির একটা স্পেস সীমাবদ্ধতা থাকে। বেশি কাজ হয়ে গেলে আবার কাজ দেখতে অসুবিধা হয়ে যায়। এ কারণে সবাইকে বলা যায়নি।’