‘চাল আপনাকে কিনতেই হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনারা আমার মাথা ফাটান, যা খুশি তাই করেন। তার পরও খারাপ চাল আমি কিনব না।’ বদরগঞ্জ সরকারি খাদ্যগুদামের কর্মকর্তা ছিদ্দিক হোসেন উত্তেজিত হয়ে এসব কথা বলেন। কিন্তু উপজেলা মিল চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল শাহ বলেন, ‘আমাদের চাল আপনাকে কিনতেই হবে, নইলে পরিণতি খারাপ আছে।’গত সোমবার বিকেলে খাদ্যগুদামে ১০০ মেট্রিক টন চাল বিক্রি করতে গেলে গুদাম কর্মকর্তা তা নেওয়ার অযোগ্য বলামাত্রই ওই মিল চাতালের মালিক উত্তেজিত হয়ে ওঠেন। এরপর একে একে খবর পেয়ে সেখানে আরও কয়েকজন চাতাল মালিক উপস্থিত হয়ে ওই চাল নেওয়ার জন্য গুদাম কর্মকর্তাকে চাপ দেন।খাদ্যগুদামের কর্মকর্তা (ওসি-এলএসডি) ছিদ্দিক হোসেন বলেন, ‘মিল চাতালের মালিকেরা দানা ভাঙা, মরা এবং বিধিমোতাবেক আর্দ্রতা নেই এমন চাল কিনতে আমাকে চাপ দিচ্ছেন। না নেওয়ায় তাঁরা আমাকে বিভিন্নভাবে দেখে নেওয়াসহ বদলি করার হুমকি দিচ্ছেন। তবে যতই হুমকি আসুক না কেন, বিধির বাইরে আমি চাল কিনব না। চাল না নেওয়ায় চাতালের মালিকেরা রংপুর থেকে বেসরকারি টিভি চ্যানেলের তিনজন সাংবাদিককে তাৎক্ষণিকভাবে ডেকে এনে আমার বিরুদ্ধে অসদাচরণসহ ঘুষ দাবির অভিযোগ তোলেন। এরপর তাঁরা ওই চাল পরীক্ষা করার জন্য কারিগরি খাদ্য পরিদর্শক দিয়ে পরীক্ষা করার দাবি তোলেন। একপর্যায়ে রংপুর কারিগরি খাদ্য পরিদর্শক বিমল চন্দ্র রায় এসে পরীক্ষা করে ওই চাল নেওয়ার অযোগ্য ঘোষণা করেন।’উপজেলা মিল চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল শাহ বলেন, ‘ভালো চাল নিয়ে গেলেও ওই কর্মকর্তা নিতে চান না। আমরা তো এবারই প্রথম চাল সরবরাহ করছি না। প্রতি মৌসুমেই সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করি। ওই গুদাম কর্মকর্তা ব্যবসায়ীদের সম্মান করেন না, তিনি এ কাজের অযোগ্য। তাঁকে কোনো হুমকিও দেওয়া হয়নি।’চলতি মৌসুমে বদরগঞ্জ খাদ্যগুদামে সরকারিভাবে তিন হাজার ২০৭ মেট্রিক টন চাল কেনা হবে। এ জন্য উপজেলার ৫২ জন মিল চাতাল মালিক চাল সরবরাহে সরকারের সঙ্গে চুক্তি করেছেন। গত ৫ জুন থেকে চাল কেনা শুরু হয়, চলবে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত। ১৩ জুন পর্যন্ত চাল কেনা হয়েছে প্রায় ২০০ মেট্রিক টন।