‘চালকের ভুলেই আব্বুকে মরতে হলো’
‘আব্বু অনেকবার আকাশকে (অধ্যাপক গোলাম হোসেনের ব্যক্তিগত গাড়ির চালক) দ্রুতগতিতে গাড়ি চালাতে নিষেধ করেছেন। কিন্তু আকাশ আব্বুর কথা শুনতেন না। আকাশের ভুলেই আব্বুকে মরতে হলো।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিল পঞ্চম শ্রেণীর ছাত্র জুলকার নাইন।জুলকার নাইন গত সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম হোসেনের ছোট ছেলে। গোলাম হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।পারিবারিক সূত্র জানায়, গত সোমবার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও থেকে ব্যক্তিগত গাড়িতে করে ক্যাম্পাসে ফিরছিলেন অধ্যাপক গোলাম হোসেন। রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকায় তাঁর ব্যক্তিগত গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে তাঁর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন গোলাম হোসেন ও গাড়িচালক আকাশ। তাঁদের দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকেরা গোলাম হোসেনকে মৃত ঘোষণা করেন। আকাশের অবস্থাও আশঙ্কাজনক।এলাকাবাসীর অনেকে জানান, সোমবার সকালে অধ্যাপক গোলাম হোসেন গ্রামে গিয়ে সারা দিন পারিবারিক কবরস্থানটি পরিষ্কার করেন। বাড়ির বিভিন্ন স্থানে রাজশাহী থেকে আনা ১০-১৫টি আমের চারা রোপণ করেন। এরপর সন্ধ্যায় ইফতার শেষে মা এবং পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেন। এক দিন পর সেই কবরস্থানেই তাঁর মরদেহ দাফন করা হলো।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার রাত সোয়া ১১টার দিকে গোলাম হোসেনের মরদেহ ক্যাম্পাসে তাঁর বাসভবনের সামনে আনা হয়। সেখানে উপস্থিত হন উপাচার্য মো. আনোয়ার হোসেন, সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের বাসভবনের সামনের খেলার মাঠে গোলাম হোসেনের প্রথম জানাজা হয়। পরে ১১টার দিকে সেখান থেকে মরদেহ তাঁর গ্রামের বাড়ি তরগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গোলাম হোসেনের মৃত্যুতে গতকাল সকাল ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস স্থগিত রাখা হয়। এ ছাড়া কালো ব্যাজ ধারণ করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।