'চা-পানের' পর বিষক্রিয়ায় ভাইবোনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ‘চা-পানের’ পর বিষিক্রয়ায় ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর বলেন, কীটনাশকের বিষক্রিয়াতেই তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কীটনাশক পান করা রোগীদের মুখ থেকে ফেনা বের হয়, কখনো কখনো বমি হয় ও শ্বাসকষ্ট দেখা দেয়। এ ক্ষেত্রেও সব লক্ষণ ছিল।
রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, সম্ভবত চা ও দানাদার কীটনাশকের প্যাকেট পাশাপাশি ছিল। যিনি চা বানিয়েছেন, তিনি ভুল প্যাকেট ব্যবহার করেছেন। অথবা চায়ের প্যাকেটে কোনোভাবে কীটনাশক মিশে গিয়েছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মইনুল হকের স্ত্রী সাবিনা বেগম (২৫), ছেলে সোহান (৭) ও মেয়ে সোহানাকে (২) নিয়ে তিন দিন আগে উপজেলার রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। গতকাল দুপুরে সাবিনা তাঁর দাদার বাড়িতে ছেলেমেয়েকে নিয়ে বেড়াতে গেলে দাদি জমিলা বেগম (৬০) তাদের চা বানিয়ে খেতে দেন। সেই চা পান করে ঘটনাস্থলেই মারা যায় সোহান। অসুস্থ হয়ে পড়েন আরও ছয়জন। তাঁদের স্থানীয় লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়। সেখানে সোহানারও মৃত্যু হয়।
অসুস্থ জমিলা বেগম, সাবিনা বেগম, সাবিনার চাচা পজিবর, তাঁর স্ত্রী সফুরা বেগম ও তাঁদের মেয়ে সাদিয়াকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সফুরা ও সাদিয়ার অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।