'চিকিৎসক ও রোগীর সম্পর্ক সমবেদনা ও আস্থার'
চিকিৎসকেরা বলেছেন, রোগী ও চিকিৎসকের সম্পর্ক পরিবর্তনশীল। আইন, অর্থনীতি, উদ্ভাবনের মতো বিষয়গুলো রোগী-চিকিৎসক সম্পর্কে প্রভাব ফেলে। তবে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চাই এই সম্পর্কের মূল ভিত্তি। এই সম্পর্ক হচ্ছে সমবেদনা ও আস্থার।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ায় বিকাশমান স্বাস্থ্য ও সামাজিক সমস্যাবিষয়ক সম্মেলনের একটি অধিবেশনে অংশগ্রহণকারী চিকিৎসকেরা এসব কথা বলেন। চিকিৎসকদের সংগঠন ফিজিশিয়ান ফর সোশ্যাল রেসপনসিবিলিটি (পিএসআর) এবং ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অব নিউক্লিয়ার ওয়ার (আইপিপিএনডব্লিউ) যৌথভাবে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।
গতকাল স্বাস্থ্য, গণমাধ্যম ও অধিকারবিষয়ক অধিবেশনে নেপালের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও পিএসআরের সদস্য বংশীধর মিশ্র বলেন, রোগীকে ‘কেস’ হিসেবে দেখা ঠিক নয়। রোগীকে দেখতে হবে মানুষ হিসেবে। রোগী-চিকিৎসকের সম্পর্কের মূল ভিত্তি মানবিক মূল্যবোধ।
এর আগে রোগী-চিকিৎসক সম্পর্ক ও অধিকারবিষয়ক উপস্থাপনায় বাংলাদেশ পিএসআরের সদস্য ডা. মো. জয়নুল ইসলাম বলেন, চিকিৎসক ও রোগীর সম্পর্ক সব সময় এক ও স্থির থাকেনি। অবলীলায় চিকিৎসকের সব কথা শুনে ও মেনে চলার সম্পর্ক এখন নেই। পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এই সম্পর্কে পরিবর্তন এসেছে। এখন রোগী ও চিকিৎসকের সম্পর্ক শুরু হয় সাক্ষাৎকারের মধ্য দিয়ে।
অধিবেশনটি সঞ্চালনা করেন পাকিস্তানের প্রতিনিধি ডা. রউফ মোহাম্মদ। উপস্থাপনায় মো. জয়নুল ইসলাম বলেন, রোগীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, ধর্ম, বিশ্বাস এসব সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে। আবার কিছু ক্ষেত্রে বিমা-ব্যবস্থাও রোগী ও চিকিৎসকের সম্পর্কে চিড় ধরায়। আইন, চিকিৎসার মান চিকিৎসক-রোগী সম্পর্ক ঠিক রাখতে সহায়তা করে। তিনি বলেন, সমবেদনা হচ্ছে চিকিৎসাশাস্ত্রের কেন্দ্রীয় মূল্যবোধ, আর এই মূল্যবোধের ভিত্তি হচ্ছে রোগীর মর্যাদা ও অধিকার।
গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলনের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।