‘চিকিৎসকের অবহেলায় আর কারও যেন মৃত্যু না হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চিকিৎসকের অবহেলায় আর কারও যেন মৃত্যু না হয়।’ এক বাক্যেই যেন নিজের সব কষ্ট, শোক আর ক্ষোভের কথা জানালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রদীপ কুমার পান্ডে।গত বুধবার ভোরের দিকে প্রদীপ পান্ডের সন্তানসম্ভবা স্ত্রী চৈতালী পান্ডে (৩৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। প্রদীপ পান্ডে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রদীপ পান্ডে জানান, গত ১১ নভেম্বর থেকে চৈতালী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান হাসিনা আখতারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। গত মঙ্গলবার চৈতালী অসুস্থ হলে বিষয়টি হাসিনা আখতারকে জানানো হয়। হাসিনা আখতার চৈতালীকে রাজশাহী মহানগরের একটি ক্লিনিকের চিকিৎসক সুজিত কুমার ভদ্রের কাছে যাওয়ার পরামর্শ দেন। প্রদীপ পান্ডে জানান, তিনি তাঁর স্ত্রীকে নিয়ে সুজিত ভদ্রের কাছে যান। কিছু পরীক্ষা-নিরীক্ষা করে সুজিত ভদ্র তাঁকে জানান, কোনো সমস্যা নেই। তার পরও সুজিত ভদ্র রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। প্রদীপ পান্ডে অভিযোগ করেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যা ছয়টা থেকে মুঠোফোনে তিনি বারবার চিকিৎসক হাসিনা আখতারকে অনুরোধ করেন তাঁর স্ত্রীকে দেখার জন্য। কিন্তু হাসিনা আখতার আসেন রাত প্রায় ১২টার দিকে। ততক্ষণে তাঁর স্ত্রীর অবস্থার চরম অবনতি হয়। হাসিনা আখতার দেখে যাওয়ার পর ভোর সাড়ে ছয়টার দিকে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। প্রদীপ পান্ডে আবেগজড়িত কণ্ঠে বলেন, চিকিৎসক ঠিক সময়ে এলে তাঁর স্ত্রী বেঁচে যেতেন। ভবিষ্যতে চিকিৎসকের এ ধরনের অবহেলায় আর কারও যেন মৃত্যু না হয়।হাসিনা আখতারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এম শাহ্ নওয়াজ আলী এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হলে কী করার থাকে।’