চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) বৈজ্ঞানিক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘চিকিৎসা ব্যবসার বিষয় নয়। পয়সা যদি মুখ্য হয়, তাহলে সেটা চিকিৎসক-রোগীর মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে।
গতকাল সোমবার চট্টগ্রামে চিকিৎসাবিজ্ঞানীদের চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাহ আলম বীর উত্তম মিলনায়তনে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি এ সম্মেলনের আয়োজন করে।
অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, চিকিৎসা ও শিক্ষা পণ্যে পরিণত হলে তার গুণগত মান আর থাকে না। রোগীরা এসে বলেন ওপরে আল্লাহ, নিচে আপনি। চিকিৎসকদের ওই মর্যাদাটা ধরে রাখতে হবে।
প্রাণ গোপাল দত্ত বলেন, চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি সামাজিক জীব হিসেবে চিকিৎসকদের সামাজিক বিজ্ঞান সম্পর্কে জানা উচিত। এতে তরুণ চিকিৎসকেরা অনেক বেশি উপকৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক গণি, অধ্যাপক ডা. এ এস এম ফজলুল করিম, ডা. মো. নুরুল ইসলাম, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর, বিএমএর চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মো. শরীফ, বিএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. নাসির উদ্দিন মাহমুদ, সম্মেলন আয়োজন কমিটির সদস্যসচিব ডা. অনিরুদ্ধ ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. নূর হোসেন ভূঁইয়া।