'চিকিৎসাবর্জ্য সংক্রামক ব্যাধির ঝুঁকি বাড়ায়'
চট্টগ্রাম নগরের বেশির ভাগ সরকারি-বেসরকারি হাসপাতাল এবং রোগনির্ণয় কেন্দ্র চিকিৎসাবর্জ্য প্রক্রিয়াজাত করে না। প্রক্রিয়াজাতহীন চিকিৎসাবর্জ্যের কারণে নানা সংক্রামক ব্যাধির ঝুঁকি বাড়ছে।
গতকাল মঙ্গলবার ‘চিকিৎসাবর্জ্য প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক এক সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সভাকক্ষে এ সভার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব করেন চমেকের উপাধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান।
সূচনা বক্তব্যে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিক বলেন, চট্টগ্রামে ২৫০টির বেশি হাসপাতাল এবং রোগনির্ণয় কেন্দ্র আছে। এর মধ্যে মাত্র ৮০টি প্রতিষ্ঠান বর্জ্য ব্যবস্থাপনার জন্য সিটি করপোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
বিএমএর সভাপতি মুজিবুল হক খান বলেন, চিকিৎসাবর্জ্যের কারণে মানবদেহে নানা রোগব্যাধির ঝুঁকি থাকে। ব্যবহৃত সুই-সিরিঞ্জের মাধ্যমে বিভিন্ন সংক্রামক ব্যাধি হতে পারে।
চমেক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সুযত পাল বলেন, চিকিৎসাবর্জ্যের মাধ্যমে বিভিন্ন সংক্রামক ব্যাধি; বিশেষ করে হেপাটাইটিস-বি, এইডস ইত্যাদি ছড়াতে পারে। এ বিষয়ে সবার সচেতন হওয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় জোর দিতে হবে।