'চিকিৎসায় মুগুর পা ভালো হয়'
জন্মগতভাবে বাঁকা পায়ের পাতা বা মুগুর পা চিকিৎসায় ভালো হয়। শিশুর জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত জন্মগত এই ত্রুটির চিকিৎসা করা হয়। সঠিক চিকিৎসা পেলে পরবর্তী সময়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবন ফিরে পায় শিশু।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে মুগুর পা (ক্লাব ফুট) নিরাময় প্রকল্প নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম খান। গত সাত বছরে মুগুর পা চিকিৎসা বিষয়ে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সাল থেকে লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় মুগুর পা নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসা করছে। বর্তমানে বিভাগের সাতটি জেলায় ফাউন্ডেশনের কার্যক্রম চলছে। এ পর্যন্ত ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার ৫৬৬ জনের চিকিৎসা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিরো ক্লাব ফুট প্রকল্পের ব্যবস্থাপক মো. ফরহাদুল হক, স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসক অ্যানা মারিয়া অ্যাই ব্যাটল, মার্থা ভিনিয়ালস রডরিকস, ইতালির ন্যাশনাল ক্লাব ফুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিলভিয়া গিগনা, লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তা কমর উদ্দিন আরমান।