'চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কের কিছু নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডিস মশাবাহিত চিকুনগুনিয়া মারাত্মক কোনো রোগ নয়। এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতার মাধ্যমে এই রোগের প্রকোপ কমানো সম্ভব।
গতকাল রোববার চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নেওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
ডিএসসিসির নেওয়া ‘ক্র্যাশ প্রোগ্রাম’–এর আওতায় বিভিন্ন ওয়ার্ডে এডিস মশা নিধনে ওষুধ ছিটানোসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বেলা ১১টার দিকে বিএসএমএমইউর বটতলায় কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, চিকুনগুনিয়া নিয়ে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এরপর বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য কামরুল হাসান খান। উপাচার্য সমন্বিতভাবে চিকুনগুনিয়া প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনার সঞ্চালনা করেন বিজ্ঞানী ও চিকিৎসক অধ্যাপক সৈয়দ আতিকুল হক।
সেমিনারে বিএসএমএমইউর সাবেক উপাচার্য নজরুল ইসলাম বলেন, চিকুনগুনিয়া প্রাণঘাতী নয়। তবে এই জ্বর এত কষ্টদায়ক যে যাঁর এই রোগ হয়, তিনি ভুলতে পারেন না।
বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক সাইফুল্লাহ মুনশি বলেন, বাংলাদেশে সাধারণত সেপ্টেম্বরের দিকে এই রোগ দেখা যায়। তবে এ বছর মে মাসেই অনেকে এই রোগে আক্রান্ত হয়েছে।
মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর ইসলাম বলেন, চিকুনগুনিয়া জ্বর সাধারণত ৭ থেকে ১০ দিন পর্যন্ত থাকে। তবে তিন-চার দিন পর আবারও হতে পারে। এই জ্বরে গিরা ব্যথা হয়, শরীরে র‍্যাশ দেখা দেয়, পা ফুলে যায়।
প্যাথলজি বিভাগের অধ্যাপক মো. কামাল বলেন, কেউ যদি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়, তাহলে জ্বর হওয়ার পাঁচ থেকে সাত দিন পর পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা যায়।
বাতজ্বর বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহিন বলেন, চিকুনগুনিয়া হলে প্রচুর পানি খেতে হয়। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক এ এ জহির, মিনহাজউদ্দিন চৌধুরী, সানিয়া তাহমিনা, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল।