'চিকুনগুনিয়া প্রাণঘাতী হতেও পারে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চিকুনগুনিয়া প্রাণঘাতী রোগ নয়—এ ধারণা ভুল। বয়স, রোগ প্রতিরোধের ক্ষমতাসহ কিছু মানদণ্ডের বিচারে অনেক চিকুনগুনিয়া রোগী উচ্চঝুঁকিতে থাকে। তাই এই রোগে জটিলতাগুলোর পূর্বাভাস বিষয়ে উদাসীন থাকা যাবে না।’

গতকাল মঙ্গলবার রাজধানীতে চিকুনগুনিয়ার কারণে আর্থ্রালজিয়া বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার ও সিম্পোজিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক এ কথা বলেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এই সেমিনারের আয়োজন করে। সংগঠনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এদিকে সেমিনারে চিকুনগুনিয়ার ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার নিয়ে ভিন্নমত পোষণ করেছেন চিকিৎসকেরা।

সেমিনারের প্যানেল আলোচক বিএসএমএমইউয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলেন, চিকুনগুনিয়া জ্বরে রোগী যে প্রচণ্ড ব্যথায় ভোগেন তা প্যারাসিটামলে সারে না। প্রয়োজনে তাই স্টেরয়েড প্রয়োগ করতে হবে।

তবে অধ্যাপক আতিকুল হক বলেন, ‘চিকুনগুনিয়া জ্বরের ক্ষেত্রে অ্যাকিউট স্তরে বা প্রথম ২১ দিনে রোগীকে স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া যাবে না। এই স্তরে স্টেরয়েডের কোনো ভূমিকা নেই।’

সেমিনারের প্যানেল আলোচক সৈয়দ আতিকুল হক আরও বলেন, চিকুনগুনিয়ায় কেউ মারা যায় না—এ ধারণা ভুল। প্রতি দশ হাজারে একজন রোগী মারা যেতে পারে। শিশু, ৬৫ বছরের বেশি বয়সী মানুষ ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে রোগের জটিলতা বেশি হতে পারে। ডায়াবেটিক, উচ্চরক্তচাপ বা হৃদ্‌রোগে ভুগছেন এমন মানুষেরাও চিকুনগুনিয়ার ক্ষেত্রে উচ্চঝুঁকিতে আছেন। তাই চিকুনগুনিয়া প্রাণঘাতী নয়, এমনটা ভেবে নিশ্চিন্ত থাকা যাবে না। রোগীর জটিলতাগুলোর দিকে নজর দিতে হবে। জ্বরের সঙ্গে রক্তক্ষরণ, জন্ডিস, ঝাপসা দেখা, বুক ধড়ফড়, দ্রুত শ্বাস-প্রশ্বাসের লক্ষণগুলো থাকলে রোগীকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তিনি।

চিকুনগুনিয়া প্রাণঘাতী নয় দাবি করে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, এটি সর্দি-কাশি-ইনফ্লুয়েঞ্জার মতো অসুখ। গণমাধ্যমে একে অকারণে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা যথাযথ ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘মশা নিধনের দায়িত্ব মন্ত্রণালয়ের নয়, সিটি করপোরেশনের। আমাদের দোষারোপ করলে চলবে না।’

সেমিনারে সভাপতিত্ব করেন বিএমএর প্রেসিডেন্ট মুস্তফা জালাল মহিউদ্দিন। আলোচকদের মধ্যে আরও ছিলেন বিএসএমএমইউয়ের সহ-উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ, মেডিসিন বিশেষজ্ঞ মো. তানভীর ইসলাম, রিউমাটোলজি বিশেষজ্ঞ মো. আবু শাহীন, সানিয়া তাসনীম প্রমুখ।