‘চিনি ওহাবের’ জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় চিনি মজুদের অভিযোগে করা মামলার আসামি আবদুল ওহাব ওরফে ‘চিনি ওহাবের’ জামিন বাতিল করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার যশোর জেলা জজ আদালতের বিচারক সাইদুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ জেড এম ফিরোজ গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামি হাইকোর্টের জামিন এবং সুপ্রিম কোর্টে ওই জামিন স্থগিতের আদেশ গোপন করে জামিন নিয়েছিলেন। গত রোববার এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই সময় জামিনের বিরোধিতা করেননি কেন—এমন প্রশ্নের জবাবে এ জেড এম ফিরোজ বলেন, ‘উচ্চ আদালতের আদেশের কপি নথিতে সংযুক্ত না থাকায় বিষয়টি আমার নজরে আসেনি।’৪ জানুয়ারি একই আদালত মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওহাবকে জামিন দেন। ওই দিন সন্ধ্যায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। গত ৩ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানার পুলিশ জাকির হোসেন সড়কের বাড়ি থেকে আবদুল ওহাবকে গ্রেপ্তার করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সহায়তায় গত ২৬ সেপ্টেম্বর নওয়াপাড়া থেকে অবৈধ মজুদের অভিযোগে ৭৪ হাজার বস্তা চিনি জব্দ করেন। এ ঘটনায় আবদুল ওহাবসহ ১৪ জন চিনি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়।