‘উপনিবেশ শেষ হয়েছে কিন্তু সেই শেকল থেকে আমরা বের হতে পারিনি। আমাদের চিন্তা-ভাবনায় এখনো উপনিবেশ বিদ্যমান। এর থেকে বের হতে হলে চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে হবে।’
গতকাল সোমবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে বাংলাদেশের বি-উপনিবেশায়ন তত্ত্ব শীর্ষক সেমিনারে এসব কথা বলেন অধ্যাপক আনু মুহাম্মদ।
আনু মুহাম্মদ আরও বলেন, ‘প্রচলিত ধারণা হলো দেশের জিডিপি বাড়লেই দেশের উন্নয়ন হয়। কিন্তু অর্থনীতিবিদ অমর্ত্য সেন আমাদের দেখিয়েছেন, জিডিপি বাড়লেও মানুষের জীবনমান নিম্ন হতে পারে। আবার কোনো দেশের জিডিপি কমলেও জীবনমান উন্নত হতে পারে।’
বাংলাদেশ দর্শন সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারের চতুর্থ পর্বে বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেমিনার সঞ্চালনা করে দর্শন বিভাগের শিক্ষক সৈয়দ নিজার আলম। বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে সেমিনারটি সন্ধ্যা পৌনে সাতটায় শেষ হয়।