'চিন্তার মানুষ' তৈরি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের চিন্তা ধার করে তোতাপাখির মতো আওড়ানো নয়, উচ্চশিক্ষার আদর্শ হওয়া উচিত সক্রিয় চিন্তার মানুষ তৈরি করা। যত দিন ‘চিন্তার মানুষ’ তৈরি করা যাবে না, তত দিন শুধু নামেই উচ্চশিক্ষা থাকবে। উচ্চশিক্ষা নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সেমিনার হয়। ‘বাংলাদেশের উচ্চশিক্ষা চিত্র: অগ্রগতি, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ঐতিহাসিকভাবে উচ্চশিক্ষাকে এখনো বাংলাদেশের অনেক মানুষ আর্থিক সামর্থ্য, সুযোগ অথবা ভাগ্যের বিবেচনায় দেখেন। বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসটা খুব দীর্ঘ নয়। ভারতের তুলনায় আমাদের যাত্রা অনেক পরে। তবে গত ১০০ বছরে আমাদের অর্জন কম নয়।
সেমিনারে অধ্যাপক মইনুল ইসলাম বলেন, শিক্ষা খাতে বরাদ্দ দিন দিন কমছে। সরকার দাবি করে তারা শিক্ষাবান্ধব সরকার। কিন্তু গত ১৪ বছরের বাজেট বিশ্লেষণ করলে হতাশাজনক চিত্র ফুটে ওঠে। শিক্ষা খাতের বরাদ্দ ২ শতাংশের নিচে নেমে এসেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে শিক্ষা খাতে সবচেয়ে কম বাজেট নির্ধারণ করা হয়।
মইনুল ইসলাম বলেন, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে ১১ ধরনের প্রাথমিক শিক্ষা চালু আছে। বিশ্বের আর কোনো দেশে এত ধরনের প্রাথমিক শিক্ষাব্যবস্থা চালু নেই। পঁচাত্তর সালের পর দেশে ক্যাডেট কলেজ, কিন্ডারগার্টেন ও মাদ্রাসাশিক্ষা ব্যাপকভাবে বেড়েছে। তিনি বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামে দেশে সার্টিফিকেট বিক্রির রমরমা ব্যবসা চলছে। উচ্চাশিক্ষার এ বাণিজ্যিকীকরণ বন্ধ করার আহ্বান জানান তিনি।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
প্রবন্ধের ওপর প্যানেল আলোচক হিসেবে অংশ নেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, অধ্যাপক এম আলী আজগর, লেখক ও সাংবাদিক আবুল মোমেন প্রমুখ।