'চিরকুটের' নির্দেশ না মানায় ঠাকুরঘরে আগুন
দুই সপ্তাহ আগে ‘চিরকুট’ পাঠিয়ে যোগাযোগ করতে বলার পরও তা না করায় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে হিন্দু পরিবারের ঠাকুরঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) শফিউর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যুক্তরাষ্ট্রপ্রবাসী বিপ্লব কুমার দেবের দোতলা বাড়ির দ্বিতীয় তলার ঠাকুরঘরের প্রতিমা, দেব-দেবীর ছবি ও পূজার আনুষঙ্গিক জিনিস পুড়ে গেছে। বাড়িটি উপজেলা পরিষদ ভবনের পশ্চিম দেয়ালের পাশেই অবস্থিত।
বাড়ির গৃহকর্ত্রী স্কুলশিক্ষিকা পপি রানী দেব (৩২) অভিযোগ করেন, ‘দুই সপ্তাহ আগে দুর্বৃত্তরা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে তিনটি “চিরকুট” আমাদের বাড়িতে পাঠায়। চিরকুটে লেখা ছিল, চিরকুটে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করা না হলে, বাড়িঘর সব আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। ঘটনাটি নবীনগর থানার ওসিকে জানানো হলে তিনি বাড়ি পরিদর্শনে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু দুই সপ্তাহ পার না হতেই দুর্বৃত্তরা বাড়ির ঠাকুরঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিল।’
দুর্বৃত্তরা এবারও ঘরের দরজায় ‘চিরকুট’ লাগিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশ দিয়ে গেছে বলে তিনি জানান। পপি রানী দেব ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানালেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে।’
গত দুই মাসে উপজেলা সদরের একাধিক বাড়িতে একই কায়দায় ‘চিরকুট’ পাঠিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।