‘চিহ্নমেলা এপার বাঙলা-ওপার বাঙলা’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ছোট কাগজ সমিঞ্চলন ‘চিহ্নমেলা এপার বাঙলা-ওপার বাঙলা’। মেলায় অংশ নিচ্ছেন দুই বাংলার বিখ্যাত লেখক, পাঠক ও সম্পাদকেরা।বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে আয়োজিত এ মেলায় দুই বাংলার ছোট কাগজের (লিটল ম্যাগাজিন) প্রায় ১০০টি স্টল বরাদ্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিল্প ও সাহিত্যবিষয়ক ছোট কাগজ চিহ্ন-এর উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, আসাদ মান্নান, সনৎকুমার সাহা ও আনোয়ারা সৈয়দ হক।উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক বলেন, ‘সৃজনশীলতা মানুষের সাহিত্য জ্ঞানকে বিকশিত করে। আর সাহিত্য মানুষের অভিজ্ঞতাকে সম্পদে পরিণত করে। মেধাকে বিকশিত করতে হলে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই।’ হাসান আজিজুল হক বলেন, ‘আমরা সাহিত্য বিমুখ হয়ে চোরের মতো বাইরের দেশের জ্ঞানকে চুরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা ইচ্ছা করলেই নিজ সাহিত্য চর্চা করে বহুদূরে এগিয়ে যেতে পারি।’ শাহবাগের গণজাগরণ নিয়ে তিনি বলেন, ‘হয়তোবা শাহবাগ একদিন স্তব্ধ হয়ে যাবে। তবে বায়ান্ন, একাত্তর যেমনভাবে মানুষের কাছে চিরসঞ্চরণীয় হয়ে আছে, তেমন করেই মানুষ শাহবাগের এ গণজাগরণকে মনে রাখবে।’বেলা ১১টায় এপার বাংলার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘আজকের লেখক: নন্দনের প্রশ্ন’ শীর্ষক এক আলোচনা সভা। দুই দিনব্যাপী এই মেলায় অনুষ্ঠিত হবে সাহিত্যবিষয়ক দুটি সেমিনার। এর আগে মেলায় আগত অতিথি ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়।