গতকাল শুক্রবার দুপুরে ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন রোখসানা বেগম। রাজশাহী থেকে আসা একটি আন্তনগর ট্রেনে গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে দুপুরে রাজধানীতে পৌঁছেছেন। ভেবেছিলেন টাঙ্গাইল থেকে দুপুরের পর রওনা হবেন। রাতে যে পরিবহন বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে তা জানতেন না। সকালে তড়িঘড়ি করে স্টেশনে আসেন। টিকিট দেওয়া বন্ধ ছিল। একরকম জোর করেই উঠেছেন ট্রেনে। টানা আড়াই ঘণ্টাই ট্রেনে দাঁড়িয়ে ছিলেন। বিমানবন্দর স্টেশনে এসে গন্তব্যস্থল কাজীপাড়ায় যেতে চাইলে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ৪০০ টাকা ভাড়া হাঁকান। বাধ্য হয়ে বাসের জন্য দাঁড়িয়েছেন তিনি। কিন্তু বাস খুবই কম। বেসরকারি একটি সংগঠনের কর্মী রোকসানা। তিনি আধা ঘণ্টা দাঁড়িয়ে হাঁপিয়ে উঠে বলছিলেন, ‘মগের মুলুকও মনে হয় এর চেয়ে ভালো। যার যখন ইচ্ছা হরতাল ডাকবে। গাড়ি বন্ধ করে দেবে। কোনো নিশ্চয়তা নেই। এটা কেমন দেশ বলেন তো?’শুক্রবার ছুটির দিনে রাজধানীর রাস্তায় এমনিতেই লোকজন কম থাকে। কিন্তু গতকালের চিত্র অন্য শুক্রবারের চেয়ে ভিন্ন। সময় যত গড়িয়েছে, পরিবহন তত কমেছে। রাস্তায় মানুষজনের সমাগম কমেছে এরই সঙ্গে। শহরজুড়ে ছিল শঙ্কা। ডেমরার অটোরিকশাচালক আবদুল মান্নান বলছিলেন, ‘মনে হয় খারাপ কিছু ঘটব। রিস্ক নিয়া লাভ নাই ভাই। জমা-খরচ উইঠ্যা গেছে। আইজ লাভের চিন্তা করি না।’ দুপুরেই তিনি তাড়াহুড়ো করছিলেন গাড়ি গ্যারেজে তুলে ফেলার।একটি বিদেশি পোশাক আমদানিকারক প্রতিষ্ঠানের বাংলাদেশের প্রধান দিলীপ গোমেজ। তাঁর প্রতিষ্ঠানের অনেক কর্মী নারায়ণগঞ্জের বাসিন্দা। বলছিলেন, ‘সব কর্মীকে বলে দিয়েছি দুপুরের মধ্যে কাজ শেষ করে গুলিস্তান পার হতে।’ বিদেশি অফিসটিকে সর্বশেষ অবস্থা জানাতে হয় বলে ১০টা পর্যন্ত সাধারণত অফিসে থাকেন তিনিসহ কর্মকর্তা পর্যায়ের অনেকেই। গতকালও থাকবেন। বলছিলেন, ‘ছয়টার পর ঘরে ফিরতে পারব কি না জানি না, এখানেই বালিশ-বিছনা নিয়া শুইয়্যা থাকতে হইতে পারে।’ একর পর এক হরতালে ব্যবসায় চালাতে প্রচণ্ড অসুবিধার কথা জানান। তাঁর কথা, ‘এত দিন কাজের দিনে হরতাল হইত। এখন দেখি ছুটির দিনেও হয়। আমাদের কোনো নিস্তার নাই।’পরশু রাতে পরিবহন ধর্মঘটের কথা বলা হলেও পরে ঢাকা জেলার ভেতরে বাস চালানোর সিদ্ধান্ত হয়। তবে তা-ও দুপুরের মধ্যেই বন্ধ হয়ে যায়। তাই ঢাকা-সাটুরিয়া সড়কে অন্যদিন যেখানে চারবার যাতায়াত করতে পারেন, গতকাল একবার যাতায়াত করেই বসে ছিলেন গাড়ির চালক ইয়ার হোসেন। মার্চ-এপ্রিল মিলিয়ে প্রায় ১০ দিনের হরতালে নাকাল তাঁর মতো ‘দিন আইন্যা দিন খাওইয়্যানা মানুষ’। বলছিলেন, ‘এক নেত্রী বলতেছে সব অচল কইর্যা দিব। আরেকজন বলতেছে প্রতিরোধ করব। আমরা মাঝে পইর্যা চ্যাপ্টা। চিয়ারের লাইগ্যাই অ্যাতো কিছু হইত্যাছে।’ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সন্তানকে নিয়ে বড্ড চিন্তায় রাজধানীর কাঁঠালবাগানের বাসিন্দা আবিদুর রেজা। হেফাজতে ইসলামের ডাকা লংমার্চের পর পরিস্থিতি আরও খারাপ হবে বলেই মনে করছেন তিনি। বলছিলেন, ‘ছেলের দেড় মাসের পরীক্ষা যে কবে শেষ হবে! এখন ওকে বাইরে যেতে দিতেই ভয় হয়।’সাতক্ষীরার শ্যামনগর থেকে বাস ছেড়েছিল গত বৃহস্পতিবার সন্ধ্যায়। যশোর না পেরোতেই বাস বন্ধ রাখার ঘোষণা শুনলেও আর গাড়ি ঘোরাতে পারেননি ঢাকা-শ্যামনগর চলা একটি বাসের সুপারভাইজার গৌতম কুমার পাত্র। এখন অন্তত দুই দিন নড়তে পারবেন না রাজধানী থেকে। এ সময়ের থাকা-খাওয়ার সব খরচ নিজের। হরতালের মেয়াদ বাড়লে অন্যের কাছে হাত পাতা ছাড়া আর গতি থাকবে না বলে জানান। তাঁর কথা, ‘আমাগের এসব কথা কিডা শুনে কন। অস্থির হয়্যা উঠতিছে সব। এটা কমবি নে, এই সরকার আর যে কদিন আছে এমনে চলবে।’গতকাল বিকেলেও দূরপাল্লার বাসের সন্ধানে অনেককেই আসতে দেখা যায় গাবতলী বাসস্ট্যান্ডে। তাঁদের একজন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার বাসিন্দা মো. ইউনুস। মা ক্যানসার আক্রান্ত। তাঁর শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। বিভিন্ন কাউন্টারে গিয়ে বারবার অনুরোধ করছিলেন, ‘কোনোভাবে লাইনটাইন করা যায় কি না যাওয়ার।’ সব জায়গায় প্রত্যাখ্যাত হয়ে অবশেষে ফিরে গেলেন তিনি।