'চুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ পাহাড়ে অশান্তি আনবে'
আদিবাসী দিবস উপলক্ষে গতকাল রোববার দুটি অনুষ্ঠানে আলোচকেরা আশঙ্কা করেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ, পাহাড়ে বড় ধরনের অশান্তি তৈরি করবে। খোদ মহাজোটের একাধিক সাংসদ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস ও আদিবাসীদের ভূমি অধিকার’ বিষয়ে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বললেন, পার্বত্য চুক্তির আগের অবস্থায় চলে যেতে পারে পার্বত্য চট্টগ্রাম।
আর বিকেলে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আলোচনা সভায় জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়ায় গণতান্ত্রিক বাংলাদেশের একাংশে চলছে সামরিক শাসন।’
বাংলাদেশ আদিবাসীফোরাম আয়োজিত সেমিনারে রাশেদ খান মেনন অভিযোগ করেন, ‘আদিবাসী’ শব্দটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা হয়েছে। অথচ আওয়ামী লীগের ইশতেহারে একাধিকবার শব্দটি ব্যবহার করা হয়েছে।
মূল প্রবন্ধ পাঠ করেন চাকমা সার্কেল-প্রধান দেবাশীষ রায়। সেমিনারে প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘হেফাজতের মতো আদিবাসীরা আন্দোলন করতে পারলে তাদের দাবিও মেনে নিত সরকার। কিন্তু আদিবাসীরা হেফাজতের মতো নয়। তাদের বিশ্বদৃষ্টি আছে।’
খুশী কবিরের সভাপতিত্বে সভায় আরও স্বাগত বক্তব্য দেন বেসরকারি সংগঠন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। সেমিনারে আরও প্রবন্ধ পড়েন অধ্যাপক আবুল বারকাত, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং।
সংসদীয় ককাসের আলোচনা সভার প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, পাকিস্তান আমলে অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামে ইসলামিকরণের যে চেষ্টা শুরু হয়েছিল, এখনো তা অব্যাহত রয়েছে।
উদ্বোধনী বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, পাহাড়ে ও সমতলে সর্বত্রই সাম্প্রদায়িকতার জাঁতাকলে পড়ে আদিবাসীরা নির্যাতিত হয়ে আসছে।
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সভাপতি সাংসদ রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংসদ মঈনউদ্দিন খান বাদল, আ ক ম মোজাম্মেল হক, শাহরিয়ার কবির প্রমুখ বক্তব্য দেন।