'চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি স্বাক্ষরের ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সোমবার রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙামাটি: বেলা ১১টায় রাঙামাটি শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘চুক্তি স্বাক্ষরের পর আওয়ামী লীগ প্রথম দফায় তিন বছর আট মাস এবং দ্বিতীয় দফায় পাঁচ বছর ক্ষমতায় থাকলেও আন্তরিকতা ও সদিচ্ছা না থাকায় চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। পার্বত্য চুক্তি আমাদের অধিকার প্রতিষ্ঠা ও অস্তিত্ব রক্ষার সনদ। এ চুক্তি বাস্তবায়নে বুকের রক্ত ঢেলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বাচ্চু চাকমা।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে বিকেলে আয়োজিত সমাবেশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ‘আমরা শান্তি চাই, তাই শান্তি চুক্তি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। কিছু সমস্যার কারণে বাস্তবায়নে দেরি হলেও ভবিষ্যতে অবশ্যই চুক্তির সব ধারা বাস্তবায়ন করা হবে।’
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
বান্দরবান: আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করায় পার্বত্য চট্টগ্রামে এখন চরম হতাশা বিরাজ করছে। এ অবস্থায় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আবারও ১৯৯৭ সালের চুক্তির পূর্ববর্তী অবস্থার দিকে ধাবিত হচ্ছে। বান্দরবানে গতকাল জনসংহতি সমিতির (জেএসএস) জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।
জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেএসএসের জেলা সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ কমিটির সদস্য দেন্দোহা জলাই ত্রিপুরা, মহিলা সমিতির সভানেত্রী ওয়াইচিং মারমা, জেএসএসের কেন্দ্রীয় ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাকমা, সাংস্কৃতিক সম্পাদক জলিমং মারমা, জেলা সাধারণ সম্পাদক ক্যবামং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মংস্তু মারমা।
বক্তারা বলেন, আওয়ামী লীগ পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে পার্বত্যবাসীর সঙ্গে বেইমানি করেছে। পার্বত্য চট্টগ্রামের তিন সাংসদও চুক্তি বাস্তবায়নে কোনো সক্রিয় ভূমিকা পালন করেননি। এ জন্য পার্বত্যবাসী এখনো হতাশার মধ্যে আছে। সমাবেশের আগে একটি বিশাল মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
খাগড়াছড়ি: পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না করার প্রতিবাদে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ারে এম এন লারমার ভাস্কর্যের সামনে গণ-অনশন কর্মসূচি পালন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)। কর্মসূচি সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে। কর্মসূচিতে সংগঠনের সভাপতি সুধাসিন্ধু খীসা, সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমাসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
গণ-অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগ মুখে পার্বত্য চুক্তির অনেক ধারা বাস্তবায়ন করার দাবি করলেও চুক্তির মৌলিক বিষয়ের একটিও বাস্তবায়ন করেনি। চুক্তির আলোকে ভূমি কমিশনের আইন সংশোধন করা হয়নি। তাই ভূমি সমস্যার সমাধান করা যায়নি। অথচ এটিই পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা।
অন্যদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে শোভাযাত্রাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে টাউন হল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে সন্ধ্যায় চেঙ্গী স্কোয়ারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীঘিনালা (খাগড়াছড়ি): সকালে উপজেলার লারমা স্কোয়ার থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ফজলুল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চিরন্তন আটাশের অধিনায়ক লে. কর্নেল মো. লোকমান আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ধমর্ঞ্চবীর চাকমা। জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্ব কল্যাণ চাকমা বলেন, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় মানুষ হতাশ।