একের পর এক হত্যা ও হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। জঙ্গিবাদ নির্মূলে দেশপ্রেমিক নাগরিকদের এগিয়ে আসতে হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশকে কোনোভাবেই জঙ্গিবাদের ঘাঁটি হতে দেওয়া যাবে না। রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার প্রতিবাদে চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকেই জঙ্গি তৎপরতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলেন, গুপ্তহত্যাসহ গুলশানে সংঘটিত ঘৃণ্য এই হামলার বিচার না হলে দেশে জঙ্গি দমন সম্ভব হবে না। সমাবেশ থেকে তাঁরা জামায়াত-শিবিরসহ ধর্মীয় রাজনৈতিক দল নিষিদ্ধ করারও দাবি জানান।