‘চুরির নতুন কৌশল’
বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন বলেছেন, ‘সারা বছর কাজ না করে ৩০ জুনের মধ্যে শেষ করতে হবে। শত শত কোটি টাকার কাজ হয়েও যাচ্ছে। এ যেন চুরির নতুন কৌশল।’ গতকাল বুধবার বেলা ১১টায় বরিশাল ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রাক্-বাজেট মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশের ৯৯ ভাগ লোক কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। সড়ক নির্মাণে ঠিকাদারেরা যেমন সঠিকভাবে কাজ করতে চান না, তেমনি জনগণও সচেতন নয়। বাড়ি নির্মাণের জন্য সড়ক দখল, নর্দমার মধ্যে বালু ও আবর্জনা ফেলে নর্দমা বন্ধ করে ফেলে।’ মতবিনিময় সভায় বরিশালের সব খাল-জলাশয়-নর্দমা সংস্কার ও সংরক্ষণে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে খালের ওপর কালভার্ট নির্মাণ না করে প্রশস্ত সেতু নির্মাণ করে অবৈধ দখল প্রতিরোধে ব্যবস্থা, শিশুদের জন্য বিশেষ করে অবহেলিত শিশুদের জন্য বিনোদনকেন্দ্র এবং বৃদ্ধাশ্রম, পানি শোধনাগার প্রতিষ্ঠাসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ বরাদ্দের পরামর্শ দেওয়া হয়। করের বোঝা না বাড়িয়ে সিটি করপোরেশনের বর্ধিত এলাকায় পানি ও বিদ্যুৎ ব্যবস্থার স্থায়ী সমাধানে ইতিবাচক প্রস্তাব থাকবে বাজেটে—এমন আশ্বাস ব্যক্ত করে মেয়র বলেন, ‘অর্থাভাবে অনেক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তার পরও জেলখালসহ অন্যান্য খাল খনন ও সংস্কারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জেলখালের ওপর নির্মিত কালভার্ট ভেঙে নতুন সেতু নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে।’ এ সময় অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের সচিব মাহমুদুর রহমান, প্যানেল মেয়র আলতাফ মাহমুদ, আয়শা তৌহিদ লুনাসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।