‘চেক নিতে হলে ২০০ টাকা লাগব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাইলও (কালও) টাকা নিতাম আইছলাম (নিতে এসেছিলাম)। আমার কাছে নগদ টাকা আছিল (ছিল) না। ইতার লাগি (এ জন্য) আমার চেক অফিসারে দিছইন না (দেননি)। বেগেরতা (অনুনয়) করি কইলাম, চেক ভাঙ্গাইয়া ২০০ টাকা দিয়া যাইমু। কিন্তু অফিসারে হুনল (শুনল) না। তাইন কইন (তিনি বলেন), “চেক নিতে হলে আগে ২০০ টাকা দেওয়া লাগব”। আইজ কর্জ করি টাকা আইন্না (এনে) দিছি।’ অভিযোগের সুরে এভাবেই কথাগুলো বলেন মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামের মালেক মিয়ার স্ত্রী সুমি আক্তার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গত সোমবার তিনি মাতৃত্বকালীন ভাতার চেক আনতে গিয়েছিলেন। শুধু সুমি আক্তার নন। উপজেলার আমরাইল চা-বাগানের বাসিন্দা পরিমল শীলের স্ত্রী সাবিত্রী শীল, রুবেল সবরের স্ত্রী মমতা সবর, সুনীল কুর্মীর স্ত্রী বুচন কুর্মী, জানাউড়া গ্রামের বাসিন্দা কুকিল মিয়ার স্ত্রী ছইদা বেগম, ষাঁড়েরগজ গ্রামের আহাদ মিয়ার স্ত্রী নাসিমা বেগমসহ ভাতার চেক নিতে আসা সবার অভিযোগ, আগে টাকা না দিলে চেক পাওয়া যায় না।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মো. আবদুল বারি প্রতিবার প্রত্যেক নারীর কাছ থেকে ২০০ টাকা করে ঘুষ আদায় করেন। অভিযোগ উঠেছে, মহিলাবিষয়ক কর্মকর্তা দিলরুবা বেগমের জ্ঞাতসারেই পিয়ন ভাতা নিতে আসা নারীদের কাছ থেকে ঘুষ আদায় করছেন। আবদুল বারি নিজেকে ওই কার্যালয়ের একজন কর্মকর্তা বলে পরিচয় দেন। বিভিন্ন কাজে গ্রাম থেকে আসা সহজ-সরল নারীদের কাছে তিনি ‘অফিসার’ হিসেবে পরিচিত। ওই কার্যালয়ে চেয়ার-টেবিলে বসে তিনি কাজ করেন।‘দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা’ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলায় ১৮৯ জন নারী এ সুবিধা ভোগ করছেন। তাঁদের প্রত্যেককে প্রতি মাসে ৩৫০ টাকা হারে প্রতি ছয় মাস পরপর দুই হাজার ১০০ টাকা দেওয়া হয়। অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে আবদুল বারি কোনো কথা বলেননি। তিনি মাথা নিচু করে বসে থাকেন। মহিলাবিষয়ক কর্মকর্তা দিলরুবা বেগম ঘুষ গ্রহণের সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। মুঠোফোনে তিনি বলেন, ‘পিয়নের ঘুষ নেওয়ার ঘটনা আমি জানতাম না। আগে কেউ আমাকে জানায়নি। গত সোমবার আমি শ্রীমঙ্গলে ছিলাম না। জেলা সদরে ছিলাম।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ‘অভিযুক্ত এমএলএসএসকে (পিয়ন) মঙ্গলবার কমলগঞ্জে বদলি করা হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে ঘুষের টাকা সংশ্লিষ্টদের ফেরত দিতে বলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’