‘চেয়ারপারসনের চিঠি ভুয়া!’
পাবনার ঈশ্বরদীতে মেয়র পদে প্রার্থী মনোনয়নে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশিত চিঠিকে ভুয়া বলে দাবি করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতারা। গত শুক্রবার ঈশ্বরদী রেলওয়ে গেটে দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে পৌর ও উপজেলা কমিটির একাংশের নেতারা এ দাবি করেন।উপজেলা বিএনপির সভাপতি সামশুদ্দিন মালিথার সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, ঈশ্বরদী পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির একক প্রার্থী জাকারিয়া পিন্টু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আক্তারুজ্জামান ও সামশুদ্দিন মালিথা জানান, বর্তমানে বিএনপির সদস্য না হয়েও মকলেছুর রহমান নিজেকে বিএনপির মেয়র পদে প্রার্থী হিসেবে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, যা এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ তাঁকে দল থেকে বহিষ্কারের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত পাবনা জেলায় পাঠানো হয়েছে।সামশুদ্দিন মালিথা বলেন, খালেদা জিয়ার নির্দেশিত নাম করে ঈশ্বরদীর মেয়র পদে প্রার্থী মনোনয়নের একটি ভুয়া চিঠি পাঠিয়ে রাজশাহী বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পৌর নির্বাচনের আচারণবিধি লঙ্ঘন করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, পৌর বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী জাকারিয়া পিন্টু বর্তমানে যুবদলের কর্মী আজম ও তাঁর আপন ভাই রাজু হত্যা মামলায় পাবনা জেলহাজতে রয়েছেন। অপরদিকে গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন পেয়েছেন বলে দাবি করে দলের অপর অংশের নেতা ঈশ্বরদী পৌরসভার মেয়র মকলেছুর রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, স্থানীয় একটি ক্ষুদ্র অংশ তাঁর ও দলের বিরোধিতা করছে। তিনি পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি পদে রয়েছেন বলে দাবি করেন। একই সঙ্গে তিনি ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে সহিংস ঘটনার আশঙ্কা প্রকাশ করেন। বিএনপির রাজশাহী বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং কমিটির প্রধান ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ প্রথম আলোকে জানান, চেয়ারপারসনের নির্দেশিত কেন্দ্রীয় কমিটির চিঠি বা সিদ্ধান্ত যাঁরা অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।