'চেয়ারম্যান-মেম্বারে খালি মুখ চিনি রিলিফ দেইন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় ডুবে গেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার শাহগঞ্জ বাজার। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: কল্যাণ প্রসূন
বন্যায় ডুবে গেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার শাহগঞ্জ বাজার। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: কল্যাণ প্রসূন

‘এক মাস ধরি বাড়িঘরো পানি। গাউর (গ্রাম) মাইনসে (মানুষ) অখনো কোনো রিলিফ পাইছে না। চেয়ারম্যান-মেম্বারে খালি মুখ চিনি রিলিফ দেইন।’ এভাবে খেদ ঝাড়েন মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভাটি শাহপুর গ্রামের বাসিন্দা পাখি মিয়া (৫৫)। ওই গ্রামে ১০০ পরিবারের বাস। বেশির ভাগ মানুষ মৎস্যজীবী। কিন্তু পানিবন্দী এসব মানুষের সঠিকভাবে ত্রাণ জুটছে না।

উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের বিভিন্ন এলাকার দুর্গত মানুষ এখন এ রকম দুর্ভোগে পড়েছে। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে তারা। অথচ অনেকে এখনো কোনো সরকারি ত্রাণ পায়নি। এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এরই মধ্যে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা গিয়ে ঋণের কিস্তি আদায়ে লোকজনকে চাপ দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, পূর্ব বেলাগাঁও, সোনাপুর, শাহপুর, ভাটি শাহপুর ও নিশ্চিন্তপুর গ্রামের অধিকাংশ বাড়ি-ঘরে পানি উঠেছে। ভূঁয়াই-শাহগঞ্জ বাজার রাস্তায় চার-পাঁচ ফুট পানি। নৌকায় লোকজন চলাচল করছে। শাহগঞ্জ বাজারে পানি ওঠায় দোকানপাট বন্ধ। কেউ কেউ দূরের উঁচু এলাকা থেকে কলসে করে পানি নিয়ে নৌকায় করে বাড়ি যাচ্ছে।

ভুক্তভোগী শাহপুর গ্রামের ইরা মিয়া (৬০) বলেন, বাতাসের কারণে হাওরে ঢেউ ওঠায় সকালে জাল নিয়ে গিয়ে মাছ না ধরেই বাড়ি ফিরে এসেছেন। মাছ ধরলে তা বিক্রি করে চাল-ডাল কিনে আনতেন। ঘরে হাঁটুপানি থাকায় খাটের ওপর টিনের চুলা বসিয়ে ভাত রান্না করছিলেন আঙ্গুরুন্নেছা (৬০)। তিনি বলেন, ‘আর কত দিন যে ইলা কষ্টত থাকতে অইব আল্লাহ-ই জানইন।’

বন্যায় ডুবে গেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূঁয়াই-শাহগঞ্জ বাজার রাস্তা। পানির ওপরে শুধু সেতুটি দেখা যাচ্ছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: কল্যাণ প্রসূন
বন্যায় ডুবে গেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূঁয়াই-শাহগঞ্জ বাজার রাস্তা। পানির ওপরে শুধু সেতুটি দেখা যাচ্ছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: কল্যাণ প্রসূন

শাহপুর প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পাঁচটি পরিবারের দেখা মেলে। দক্ষিণ শাহপুর গ্রামের নাজমা বেগম (৩৫), সাহেনা বেগম (৪৫) ও দিলারা বেগম (৪০) জানান, ১৮ দিন ধরে তাঁরা সেখানে আছেন। এখন পর্যন্ত সরকারিভাবে প্রত্যেকে ১৫ কেজি করে চাল ও ২০ কেজি করে আটা পেয়েছেন। চাল শেষ। এখন আটা দিয়ে রুটি তৈরি করে খাচ্ছেন।
পূর্ব বেলাগাঁওয়ের জামাল হোসেন, মালেক মিয়া ও নাসির মিয়া বলেন, একটি বেসরকারি সংস্থা থেকে তাঁরা কিছু টাকা ঋণ নিয়েছিলেন। এখন তারা প্রতিনিয়ত ঋণের টাকা পরিশোধের জন্য তাগাদা দিচ্ছেন। এরই মধ্যে তাঁরা সংস্থার কর্মীদের চাপে হাঁস-মুরগি বিক্রি করে সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ করেছেন।

ত্রাণ না পাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছুম রেজা দাবি করেন, তাঁরা স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে দুর্গত মানুষের তালিকা তৈরি করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এ ছাড়া নিজেও সরেজমিনে তা তদারক করছেন। এরপরও ভাটি শাহপুরের বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভাটি শাহপুর গ্রামের বেশির ভাগ মানুষের ঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় খাটের ওপর টিনের চুলা বসিয়ে রান্না করছেন আঙ্গুরুন্নেছা (৬০)। ছবিটি বৃহস্পতিবার বেলা একটার দিকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভাটি শাহপুর গ্রামের বেশির ভাগ মানুষের ঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় খাটের ওপর টিনের চুলা বসিয়ে রান্না করছেন আঙ্গুরুন্নেছা (৬০)। ছবিটি বৃহস্পতিবার বেলা একটার দিকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঋণের কিস্তি আদায়ের বিষয়টি নিয়ে তিনি বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহীউদ্দিন আহমদ মুঠোফোনে বলেন, তিনি জায়ফরনগরের কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়ি পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।