'চেয়ারে বসে নামাজ আদায় বৈধ নয়'
‘চেয়ারে বসে নামাজ আদায় করা বৈধ নয়’—ইসলামিক ফাউন্ডেশনের এই ফতোয়া নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকেও এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ধর্মমন্ত্রী মতিউর রহমানের বক্তব্য জানতে চান।
আলোচনায় অংশ নেওয়া একাধিক মন্ত্রী জানান, ধর্মমন্ত্রী বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত নন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। তিনি বিষয়টি জেনে প্রধানমন্ত্রীকে জানানোর কথা বলেন।
বৈঠক সূত্র জানায়, একজন জ্যেষ্ঠ মন্ত্রী এ বিষয়ে আলোচনার সূত্রপাত করেন। এরপর আরও কয়েকজন আলোচনায় অংশ নেন। তাঁরা এ ধরনের ফতোয়া দেওয়ার যৌক্তিকতা, বাস্তবতা ও প্রেক্ষাপট খতিয়ে দেখার প্রস্তাব করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বলেন, এ ধরনের ফতোয়া গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে দেওয়ার রহস্য নিয়ে আলোচনা হচ্ছে। এটা এমন কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নয় যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মুসল্লিদের জানাতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগ ‘চেয়ারে বসে নামাজ পড়া’ প্রসঙ্গে ১২ দফা ব্যাখ্যা প্রকাশ করে। এই ব্যাখ্যায় সই করেছেন গবেষণা বিভাগের মুফতি মোহাম্মদ আবদুল্লাহ, ১৯ মার্চ ২০১৫। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার কান্দানিয়া গ্রামের সারোয়ার হোসেন এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের শরিয়তসম্মত সমাধান চেয়েছিলেন।
ব্যাখ্যায় বলা হয়, চেয়ারে বসে ফরজ, ওয়াজিব ও মুয়াক্কাদা নামাজ আদায়ের বৈধতা বের করা যায় না। চেয়ারে বসে নামাজ আদায়কে নতুন বিকল্প পন্থা হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘চেয়ারে বসে নামাজ আদায়ে ইবাদতের প্রাণ রূপ সর্বোচ্চ দীনতা-হীনতা প্রকাশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয় না। তাই চেয়ারে বসে নামাজ আদায় সঠিক নয়।’
এ প্রসঙ্গে আরও বলা হয়, চেয়ার ঢুকলে মসজিদে জামাতের কাতারের ও সবার বিনয়ী অবস্থানে বিঘ্ন ঘটে। বিতর্কের খাতিরে বাসা বা অফিসে চেয়ারে বসে নামাজ পড়া মেনে নেওয়া হলেও তা মসজিদের বেলায় প্রযোজ্য নয়।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, ফাউন্ডেশনের মুফতি, মুহাদ্দিস ও মুফাস্সির—এই তিনজন মিলে ফতোয়া দিয়েছেন। সরকারের বেতনভোগী এই তিন কর্মকর্তা ফতোয়া দেওয়ার যথাযথ কর্তৃপক্ষ বলেও ওই সূত্র জানায়।
জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রথম আলোকে বলেন, ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের মতামত দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া হওয়ায় আজ মঙ্গলবার ফাউন্ডেশনের বোর্ডসভায় এটি উত্থাপন করা হবে। তিনি আরও বলেন, দেশের বিশিষ্ট ২০ জন মুফতিকে নিয়ে এ বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব করা হবে।
অবশ্য ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুফতি আবদুল্লাহ তাঁদের ফতোয়ায় দেশের বিজ্ঞ মুফতিদের আরও গভীরে যাওয়ার আহ্বান জানান।
যোগাযোগ করা হলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ফতোয়া বিভাগের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, দু-এক দিনের মধ্যে এ বিষয়ে বিবৃতি দিয়ে তাঁরা অবস্থান জানাবেন।