‘চেয়ার’ না পেয়ে ক্ষিপ্ত চেয়ারম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা চেয়ারম্যানদের জন্য আসন সংরক্ষণ না করায় গতকাল বৃহস্পতিবার বগুড়ার কয়েকজন উপজেলা চেয়ারম্যান জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা বর্জন করেছেন। জনপ্রতিনিধিদের এভাবে অবজ্ঞা করায় ক্ষোভ প্রকাশ করেছেন চেয়ারম্যানরা। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উপজেলা চেয়ারম্যানদের জন্য আলাদা করে আসন রাখার কোনো নিয়ম নেই। সভায় যিনি আগে আসবেন, তিনি আগে বসবেন। উপজেলা চেয়ারম্যানরা জানান, গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা আহ্বান করা হয়। সে অনুযায়ী চেয়ারম্যানরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হাজির হয়ে দেখেন, টেবিলের সঙ্গে লাগোয়া চেয়ারগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলার বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তারা বসে আছেন। ইউএনওদের আসনগুলোতে নাম লিখে সংরক্ষণ করা হলেও উপজেলা চেয়ারম্যানদের সামনের সারিতে কোনো আসন সংরক্ষণ করা হয়নি। তাঁদের পেছনের সারিতে বসতে হয়েছে। সরকারি বিধিবিধান অনুযায়ী, উপজেলা চেয়ারম্যানদের আসন সংরক্ষণ করার কথা। কিন্তু তা না করায় চেয়ারম্যানরা অপমান বোধ করেন এবং সভা বর্জন করে চলে আসেন। জানা গেছে, সভায় গতকাল বগুড়ার ১২টি উপজেলার মধ্যে আটটি উপজেলার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ বলেন, ‘জেলা প্রশাসক আমাদের অসম্মান করেছেন। ইউএনওদের নাম লিখে ১২টি আসন রাখতে পারলে উপজেলা চেয়ারম্যানদের ১২টি আসন রাখতে বাধা কোথায়! তিনি চান না আমরা এই সমন্বয় কমিটির সভায় আসি।’ বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান আলী আসগর প্রথম আলোকে বলেন, ‘এই জেলা প্রশাসক উপজেলা চেয়ারম্যানদের কোনো গুরুত্বই দিতে চান না। এর আগেও দু-একটি সভায় এরকম হলেও প্রতিবাদ করার পর তাঁদের বসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এবার তাও করা হয়নি।’ উপজেলা চেয়ারম্যানদের ক্ষোভের ব্যাপারে বগুড়ার জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু কথা বলা যায়নি। তবে সমন্বয় কমিটির সভা পরিচালনাকারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমলারঞ্জন দাস বলেন, ‘তাঁরা (চেয়ারম্যানরা) চলে গেছেন শুনেছি। তবে তাঁরা যে অভিযোগ করেছেন, তা শিষ্টাচারবহির্ভূত। উপজেলা চেয়ারম্যানদের জন্য আলাদা করে আসন রাখার কোনো নিয়ম নেই। সভায় যিনি আগে আসবেন, তিনি আগে বসবেন। একজন উপজেলা চেয়ারম্যান দেরি করে এলে জেলা পর্যায়ের কোনো কর্মকর্তাকে উঠিয়ে দেওয়া যায় না।’