‘চৈত মাস আইলে উনার কথা বেশি মনে পড়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চৈত মাস আইলে উনার কথা বেশি মনে পড়ে। দেশের মানুষ যখন স্বাধীনতা দিবস অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেয়, তখন আমার স্বামীর জন্য মনডা খুব কান্দে।’ ছোট ভাই দুলাল চন্দ্রের বাড়ির ছোট্ট আঙিনায় তুলসীগাছের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন কল্পনা রাণী বিশ্বাস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সদ্য বিবাহিতা এক নারী বিয়ের মাত্র এক বছরের মাথায় স্বামী হারানোর পর ৪২টি বছর কাটিয়ে দিয়েছেন শহীদ স্বামীর স্মৃতি বুকে নিয়ে।মুক্তিযুদ্ধের আগের বছরের চৈত্র মাসে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রাউতান বাড়ি গ্রামের মেয়ে কল্পনা রাণী বিশ্বাসের বিয়ে হয় মুক্তাগাছার মুগুলটোলা গ্রামের দীজেন্দ্র চন্দ্র বিশ্বাসের সঙ্গে। দীজেন্দ্র তখন মুগুলটোলা উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক (এসএসসি) পাস করা টগবগে যুবক। বিয়ের পর বছর ঘুরে আবারও আসে চৈত্র মাস (১৯৭১-এর মার্চ)। দেশ তখন উত্তাল। বাবা হরেন চন্দ্র বিশ্বাস মেয়ে কল্পনা রাণীকে কিছুদিনের জন্য নিজের কাছে নিয়ে আসেন। এর মধ্যেই শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। কল্পনাকে না জানিয়েই দীজেন্দ্র চলে যান মুক্তিযুদ্ধে। কল্পনা বলেন, ‘যাওয়ার আগে আমারে বইল্যাও যায় নাই। পরে মানুষ আমারে বুঝাইছে, যুদ্ধের জন্য যোগাযোগ করতে পারেন নাই।’ কথাগুলো বলতে বলতে চোখ ভিজে উঠছিল কল্পনা বিশ্বাসের। বাকি কথাটুকু বলতে অনেক সময় নিলেন। দেশ স্বাধীন হওয়ার ছয় দিন আগে আরেকজন শহীদ মুক্তিযোদ্ধার বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন স্বামী দীজেন্দ্র চন্দ্র বিশ্বাসের শহীদ হওয়ার খবর। কল্পনা বিশ্বাস বলেন, ‘তখন ছোড ছিলাম। বিয়ের পর উনি (স্বামী) বলতেন, দেশের অবস্থা খারাপ। যুদ্ধ বাধবো। কিন্তু ভাবতে পারি নাই উনি আমার কাছ থাইক্যা বিদায় না নিয়া যুদ্ধে চইল্যা যাইবেন।’